ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি, ঢাকা ছাড়তে পারেন কোটি মানুষ
- আপডেট সময় : ০৬:১৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
ঘোষিত ছুটি অনুযায়ী আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং অধিকাংশ বেসরকারি অফিস বন্ধ থাকবে। ফলে এবার ঈদকে ঘিরে দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন চাকরিজীবীরা।
এর আগে ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে নির্বাহী আদেশে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা সাত দিনের অবকাশ তৈরি হয়েছে।
তবে এ সুবিধার বিপরীতে আগামী ২৩ ও ২৪ মে (শুক্র ও শনিবারের পরিবর্তে নির্ধারিত কর্মদিবস হিসেবে) অফিস খোলা থাকবে। অর্থাৎ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করতে হবে।
সরকার জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে মূলত দীর্ঘ ছুটির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, টানা ছুটির কারণে এবার রাজধানী ঢাকা থেকে বিপুলসংখ্যক মানুষ গ্রামের বাড়িতে যাবেন।
পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ধারণা, ঈদ উপলক্ষে প্রায় এক থেকে দেড় কোটি মানুষ ঢাকা ছাড়তে পারেন। এতে সড়ক, রেল ও নৌপথে যাত্রীর চাপ কয়েকগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে রাজধানীর বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে ইতোমধ্যে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে।
যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো বিশেষ প্রস্তুতি নিয়েছে।
তবে ঘোষিত ছুটির আওতার বাইরে থাকবে জরুরি পরিষেবা খাত। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট ও ডাকসেবাসহ জরুরি কাজে নিয়োজিত কর্মীরা দায়িত্ব পালন করবেন।
এছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও ছুটির বাইরে থাকবেন।
এদিকে ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রম বিষয়ে নির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। পাশাপাশি বেসরকারি শিল্পকারখানা ও প্রতিষ্ঠানের ছুটি সংক্রান্ত নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

















