বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা
- আপডেট সময় : ০৭:৪২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
বাংলাদেশে নিত্যপণ্যে দাম উর্ধমুখী প্রবণতা অব্যাহত থাকার মধ্যেই আগুনে ঘি ঢালার মতো জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বেড়েছে। সে হিসাবে প্রতি লিটার ডিজেলের দাম দাড়িয়েছে ১৩৫ টাকা। রবিবার রাতে জ্বালানি তেলের দাম বাড়ার পর যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য পরিবহনের ট্রাক ভাড়া বেড়ে গেছে।
\গন্তব্যভেদে প্রতি ট্রাকে ৫ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। এতে আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। সোমবার সকাল থেকেই বর্ধিত ভাড়া নিয়ে ট্রাকচালক, পরিবহন মালিক ও ব্যবসায়ীদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন শত শত ট্রাক আমদানি-রপ্তানি পণ্য পরিবহন করা হয়ে থাকে।
পরিবহন ব্যয় বাড়ায় এর প্রভাব শেষ পর্যন্ত পণ্যের দামে পড়ার পরার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রবিবার রাতে সরকার নির্ধারিত জ্বালানি তেলের নতুন দরে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা। ডিজেলের দাম এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়ায় পণ্য পরিবহনের খরচও বেড়েছে।
পরিবহন সংশ্লিষ্টদের হিসাবে, এদিন বেনাপোল থেকে ঢাকায় ১৫ টন পণ্য পরিবহনে ট্রাক ভাড়া ছিল ২১ থেকে ২২ হাজার টাকা। এখন তা বেড়ে ২৫ থেকে ২৬ হাজার টাকা চাওয়া হচ্ছে। চট্টগ্রামগামী ট্রাকের ভাড়া ২৭-২৮ হাজার টাকা থেকে বেড়ে ৩৪-৩৫ হাজার টাকা এবং নারায়ণগঞ্জের ভাড়া ২২-২৩ হাজার থেকে ২৭-২৮ হাজার টাকা হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এমনিতেই বাড়তি। এর মধ্যে জ্বালানি ও পরিবহন ব্যয় বৃদ্ধি হলে আমদানিকৃত ও নিত্যপণ্যের দামে আরও চাপ তৈরি হবে। বিশেষ করে দ্রুত পচনশীল পণ্য পরিবহনে অতিরিক্ত ভাড়া ব্যবসায়ীদের লোকসানের ঝুঁকি বাড়াচ্ছে। পরিবহন মালিকদের ভাষ্য, শুধু ডিজেলের দাম নয়, টায়ার ও যন্ত্রাংশের মূল্য এবং ফেরি ভাড়াও বেড়েছে।
সব মিলিয়ে বাড়তি ব্যয় সমন্বয় করতেই ট্রাক ভাড়া বাড়াতে হচ্ছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, পরিবহন ব্যয় দ্রুত স্বাভাবিক না হলে এর সরাসরি প্রভাব পড়তে পারে বাজারদরে।


















