জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা
- আপডেট সময় : ০৫:৩৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর দূরপাল্লা ও মহানগর এলাকার বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে নতুন ভাড়া নির্ধারণ করা হয়। এর ফলে যাত্রীদের যাতায়াত ব্যয় আরও বাড়বে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে। একইভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সোমবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল সড়ক পরিবহন মালিক সমিতি। তাদের প্রস্তাবে দূরপাল্লার বাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৫৩ পয়সা থেকে ২ টাকা ৭৩ পয়সা এবং ডিটিসি এলাকায় মিনিবাসের ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার কথা বলা হয়েছিল।
তবে শেষ পর্যন্ত মালিক সমিতির প্রস্তাবের চেয়ে কিছুটা কম, প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে শুধু বাসভাড়াই নয়, পণ্য পরিবহন ব্যয়ও বাড়ছে। পরিবহন ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে এর প্রভাব পড়ছে কৃষিপণ্যসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। ফলে সাধারণ মানুষের ওপর জীবনযাত্রার ব্যয়ের চাপ আরও বাড়ছে।
সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি ব্যয়ের সঙ্গে পরিবহন খাতের ব্যয় সরাসরি যুক্ত। তবে ভাড়া বৃদ্ধির কারণে সাধারণ যাত্রী ও নিম্নআয়ের মানুষের ব্যয়ভার কতটা বাড়বে, সেটিও বিবেচনায় রাখা প্রয়োজন। একই সঙ্গে পরিবহন ভাড়া বৃদ্ধির সুযোগে যাতে পণ্য পরিবহন ও নিত্যপণ্যের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি না ঘটে, সে বিষয়ে নজরদারি জোরদারের দাবি উঠেছে।



















