প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী
- আপডেট সময় : ০৬:১৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি বলেছেন, বিজ্ঞানীদের গবেষণালব্ধ অর্জন ও উদ্ভাবনের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি নিশ্চিত করা হবে।
মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) পরিচালনা বোর্ডের ৪৯তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিজ্ঞানীরা তাদের মেধা, শ্রম, সময় ও নিষ্ঠা দিয়ে নতুন প্রযুক্তি ও জ্ঞান সৃষ্টি করছেন। তাদের গবেষণার যথাযথ স্বীকৃতি না মিললে ভবিষ্যতে গবেষণার প্রতি আগ্রহ কমে যেতে পারে। তাই উদ্ভাবনী গবেষণাকে উৎসাহিত করতে বিজ্ঞানীদের প্রণোদনা ও স্বীকৃতির সুযোগ আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ, উন্নত জাত উদ্ভাবন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে গবেষণার কোনো বিকল্প নেই। গবেষণাকে আরও ফলপ্রসূ, সময়োপযোগী ও বাস্তবমুখী করতে হবে, যাতে এর সুফল সরাসরি খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট জনগোষ্ঠীর কাছে পৌঁছায়।
গবেষণার মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তি দ্রুত মাঠপর্যায়ে সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, দেশের প্রাণিসম্পদ খাত আজ যে অবস্থানে পৌঁছেছে, তার পেছনে গবেষক ও বিজ্ঞানীদের দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টা রয়েছে। তাই গবেষণা প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর, আধুনিক ও যুগোপযোগী করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।
সভায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ও বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মো. মাহমুদুল হোসাইন খান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএলআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছাদেক আহমেদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ আবদুস সামাদ, বোর্ডের সদস্য ডা. মো. সফিউল আহাদ সরদার এবং বোর্ডের সদস্যসচিব ও বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুকসহ পরিচালনা বোর্ডের সদস্যরা সভায় অংশ নেন।
সভায় বিএলআরআইয়ের বিভিন্ন প্রশাসনিক, আর্থিক ও গবেষণাসংক্রান্ত বিষয় পর্যালোচনা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।



















