যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পুনর্মূল্যায়নের ইঙ্গিত সরকারের
- আপডেট সময় : ০৭:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বাণিজ্য চুক্তি সরাসরি বাতিল না করে তা পুনর্মূল্যায়নের পথে হাঁটতে চায় সরকার।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, দেশের স্বার্থের বিরুদ্ধে যায়, এমন কোনো চুক্তি থাকলে সরকার তা খতিয়ে দেখবে এবং প্রয়োজন হলে সংশোধনের উদ্যোগ নেবে।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, বিদ্যমান চুক্তি বাতিল করার সুযোগ থাকলেও সরকার তাৎক্ষণিকভাবে সে পথে যাচ্ছে না। কারণ আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এমন সিদ্ধান্তের বড় ধরনের প্রভাব থাকতে পারে।
তিনি জানান, চুক্তির মধ্যে এমন শর্ত রয়েছে, যার মাধ্যমে দুই দেশ আলোচনার ভিত্তিতে বিভিন্ন ধারা বা শর্ত সংশোধন করতে পারে। সরকার সেই সুযোগটিকেই গুরুত্ব দিয়ে দেখছে।
তিনি বলেন, আমাদের জনগণের জন্য ক্ষতিকর কোনো চুক্তি আগে যেগুলো হয়েছে, প্রত্যেকটার পুনর্মূল্যায়ন করবে সরকার।
তার মতে, কিছু কিছু ক্ষেত্রে চুক্তির নির্দিষ্ট ধারা দেশের স্বার্থের জন্য সমস্যাজনক হতে পারে। সেসব বিষয় চিহ্নিত করে সরকার আলোচনার মাধ্যমে সমাধানে যেতে চায়।
তথ্য উপদেষ্টা আরও বলেন, কোনো আন্তর্জাতিক চুক্তি বাতিল করা যতটা সহজ মনে হয়, বাস্তবে তা অনেক বেশি জটিল।
কারণ অনেক চুক্তিই আইনগতভাবে বাধ্যবাধকতা তৈরি করে। অনেক ক্ষেত্রে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ক্ষতি, চুক্তিতে থাকার চেয়েও বেশি হতে পারে। তাই সরকার সবদিক বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেবে।
তিনি জানান, সরকার ইতোমধ্যে বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ পর্যালোচনা শুরু করেছে এবং প্রধানমন্ত্রীর সঙ্গেও এ নিয়ে আলোচনা হয়েছে। একইসঙ্গে তিনি গণমাধ্যম, বিশ্লেষক ও বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, আন্তর্জাতিক সম্পর্ক, রেসিপ্রোকাল ট্যারিফ এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের ভারসাম্য রক্ষা করেই সরকার ভবিষ্যৎ পদক্ষেপ নেবে। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে এমন একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে, যা বাংলাদেশের জাতীয় স্বার্থকে আরও শক্তিশালী করবে।


















