চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে
- আপডেট সময় : ১০:৪৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
বরিশালের উজিরপুরে চুরির অভিযোগে এক ব্যক্তিকে মারধরের পর খুঁটির সঙ্গে বেঁধে রাখার ঘটনায় হৃদয়স্পর্শী এক দৃশ্যের অবতারণা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তাঁর ৯ বছর বয়সী মেয়ে। ভিড়ের মধ্যেই চায়ের কাপে পাউরুটি ভিজিয়ে অসহায় বাবার মুখে তুলে দেয় শিশুটি। বাবা-মেয়ের এই দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উজিরপুর উপজেলার একটি বাজারের মুদিদোকানে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন ওই ব্যক্তি। পরে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী তাঁকে মারধর করে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন।
পরদিন শনিবার সকাল ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তাঁর ৯ বছর বয়সী মেয়ে। বাবাকে আর মারধর না করার জন্য উপস্থিত লোকজনের কাছে আকুতি জানায় সে।
একপর্যায়ে মেয়েটি চায়ের কাপে পাউরুটি ভিজিয়ে বাবাকে খাওয়াতে শুরু করে। চারপাশে লোকজনের ভিড়ের মধ্যেই শিশুটি এক টুকরো করে রুটি চায়ে ভিজিয়ে বাবার মুখে তুলে দিচ্ছিল। এ সময় অসহায় দৃষ্টিতে উপস্থিত লোকজনের দিকে তাকাচ্ছিল সে। বাবা-মেয়ের এই দৃশ্য উপস্থিত অনেকের মন ছুঁয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ওই ব্যক্তির কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না, এমন প্রতিশ্রুতি নেন। এরপর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার একটি ভিডিও শনিবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে একটি খুঁটির সঙ্গে ওই ব্যক্তির পা বাঁধা। তাঁর হাতে একটি চায়ের কাপ। পাশে থাকা মেয়েটি পাউরুটি ছিঁড়ে চায়ে ভিজিয়ে বাবার মুখে তুলে দিচ্ছে। এ সময় চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজন বিভিন্ন কথা বলছিলেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও দেখে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে স্থানীয় লোকজন বিষয়টি নিজেদের মধ্যে সমাধান করে নেন। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি।



















