শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য
- আপডেট সময় : ১২:২৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
শেরপুরের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবান ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে ঝিনাইগাতীতে ভারতীয় গরু সন্দেহে বিজিবির আটক করা ২১টি গরু নিয়ে ছিনিয়ে নেওয়ার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার বালিঝুড়ি রেঞ্জের ডুমুরতলা এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় চোরাচালানের মাধ্যমে ভারতীয় জনসন বেবি সাবান পাচারের চেষ্টা করা হচ্ছিল।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ সাবান জব্দ করা হয়। জব্দ পণ্যের সিজার মূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এদিকে, ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী ফুলহারি এলাকায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভারতীয় গরু সন্দেহে ২১টি গরু আটক করে নকশী বিজিবি। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বালিঝুড়ি এলাকা থেকে ট্রলিযোগে গরুগুলো নকলা নেওয়ার পথে সেগুলো আটক করা হয়।
পরে বালিঝুড়ি এলাকার শাহিদুল ঘটনাস্থলে গিয়ে গরুগুলোর মালিকানা ও বৈধতার দাবিতে রশিদ দেখানোর চেষ্টা করেন। তার দাবি অনুযায়ী, ২১টি গরুর মধ্যে ১৩টির রশিদ দেখাতে পারলেও বাকি আটটির বৈধতার কাগজ দেখাতে পারেননি।

পরে তারেক ও শাহিদুলের নেতৃত্বে একদল ব্যক্তি বিজিবির কাছ থেকে গরুগুলো নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে ঝিনাইগাতী সীমান্তের খ্রিষ্টানপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা এসব মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮৮ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সদস্যরা দিন-রাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।



















