সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
- আপডেট সময় : ১০:০৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি। তিনি আরও বলেন, ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সকলকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে।
‘বিশ্ব ডায়াবেটিস দিবস’-এর এ বছরের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ যথার্থ হয়েছে বলেও মনে করেন তিনি।
ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত রক্ত পরীক্ষার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ব্যক্তিগত সচেতনতা, স্বাস্থ্যকর জীবনযাপন ও সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন সম্ভব।
‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বাড়াতে পরিবার, কর্মস্থল ও সমাজের প্রতিটি পর্যায়ে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এ বছরের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ যথার্থ হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সারা জীবন নিয়ন্ত্রণে রাখতে হয়। এ রোগকে অবহেলা করলে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
তিনি বলেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাকসহ বিভিন্ন হৃদরোগ, স্ট্রোক, কিডনির জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতি হতে পারে। এসব জটিলতার ফলে সংক্রমণ এমনকি অঙ্গচ্ছেদের মতো গুরুতর পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। তবে নিয়মিত চিকিৎসা, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এতে আক্রান্ত ব্যক্তিরাও স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন।
রাষ্ট্রপতি বলেন, নগরায়ণের প্রভাবে মানুষের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে। একই সঙ্গে কায়িক পরিশ্রমের অভাব এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে ডায়াবেটিসের প্রকোপ দিন দিন বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় রোগটির ঝুঁকি সম্পর্কে জানা এবং প্রতিরোধে শুরু থেকেই সচেতন হওয়া জরুরি।
তিনি আরও বলেন, ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে প্রত্যেককে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। নিয়মিত রক্ত পরীক্ষা, পরিমিত ও পুষ্টিকর খাবার গ্রহণ, শারীরিক পরিশ্রম এবং চিকিৎসকের পরামর্শ অনুসরণের মাধ্যমে এ রোগের ঝুঁকি কমানো ও আক্রান্ত অবস্থায় জটিলতা প্রতিরোধ করা সম্ভব। তাই অসুস্থ হওয়ার অপেক্ষা না করে এখনই প্রয়োজনীয় স্বাস্থ্যসচেতনতামূলক পদক্ষেপ নিতে হবে।
রাষ্ট্রপতি বলেন, ‘আসুন, আমরা প্রত্যেকে নিজের ঘর, কর্মস্থল ও সমাজে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে কাজ করি। আসুন, সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি।’
ডায়াবেটিস রোগীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর জনসচেতনতা গড়ে তুলতে এসব প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ।
বাণীর শেষাংশে রাষ্ট্রপতি ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন। বাসস



















