শিগগিরই নতুন তারিখ গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত
- আপডেট সময় : ১১:২২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
নতুন তারিখ জানানো হবে শিগগিরই
তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সভাটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। শিগগিরই নতুন তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্টদের জানানো হবে।
সোমবার সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ন্যূনতম মজুরি বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী তৈরি পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য ন্যূনতম মজুরি হারের সুপারিশ প্রণয়নের কার্যক্রমের অংশ হিসেবে বোর্ডের তৃতীয় সভা আহ্বান করা হয়েছিল। রাজধানীর বিজয়নগরে শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সোমবার সকালে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে।
সভা স্থগিতের কারণ সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে পরবর্তী সময়ে সভার নতুন তারিখ ও সময় নির্ধারণ করে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
তৈরি পোশাকশিল্প দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত। এ শিল্পে কর্মরত বিপুলসংখ্যক শ্রমিক ও কর্মচারীর জীবনযাত্রা, আয় এবং কর্মপরিবেশের সঙ্গে ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি সরাসরি সম্পৃক্ত। ফলে মজুরি বোর্ডের সুপারিশ ও পরবর্তী সিদ্ধান্তের দিকে শ্রমিক, মালিকপক্ষসহ সংশ্লিষ্ট মহলের নজর রয়েছে।
বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়ায় ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের পরবর্তী কার্যক্রমের জন্য নতুন তারিখের অপেক্ষায় থাকতে হচ্ছে সংশ্লিষ্টদের।



















