তথ্য পাচারের সন্দেহে পুলিশের শতাধিক কর্মকর্তা নজরদারিতে
- আপডেট সময় : ১১:১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ-তথ্য পাচারের অভিযোগ খতিয়ে দেখছে গোয়েন্দারা
পুলিশ বাহিনীর ভেতরে সম্ভাব্য তথ্য পাচার ও রাষ্ট্রবিরোধী তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে নেওয়ার পর সন্দেহভাজন শতাধিক পুলিশ কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। এ তালিকায় অতিরিক্ত আইজিপি থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তা যেমন রয়েছেন, তেমনি রয়েছেন ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টরসহ বিভিন্ন পর্যায়ের সদস্যও।
সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্র বলছে, এসব কর্মকর্তার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাদের যোগাযোগ রয়েছে কি না, তাঁরা কোনো গোপন বা স্পর্শকাতর তথ্য সরবরাহ করছেন কি না এবং এর পেছনে আর্থিক লেনদেনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য পাচার কিংবা রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্রে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বিষয়ে ইতোমধ্যে পুলিশের সব ইউনিটপ্রধান অধীনস্থ কর্মকর্তাদের সতর্কবার্তা দিয়েছেন। সরকারি ই-মেইল ও ভুয়া সাধারণ ডায়েরি (জিডি) কিংবা মামলার নম্বর ব্যবহার করে কল ডিটেইল রেকর্ড (সিডিআর)সহ বিভিন্ন গোপন তথ্য সংগ্রহ করেছেন, এমন পুলিশ সদস্যদের শনাক্তে তালিকা তৈরির কাজও শুরু হয়েছে।
পুলিশের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা ও সুবিধা নেওয়া কর্মকর্তাদের ভূমিকা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। গত বছর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যদের উদ্দেশে তৎকালীন কমিশনারের ওয়াকিটকিতে দেওয়া বক্তব্য ফাঁস হওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয় পুলিশ সদর দপ্তর। সম্প্রতি রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিতর্কিত অডিও ফাঁস এবং চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তথ্য সরবরাহের অভিযোগ সামনে আসার পর সেই উদ্বেগ আরও বেড়েছে।
বিশেষ করে ডিসেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা তৈরির আশঙ্কায় পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য যাতে কোনো মহলের হাতে না যায়, সে বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দাদের আশঙ্কা, কোনো কোনো পুলিশ সদস্যের মাধ্যমে তথ্য পাচার হলে তা বাহিনীর ভাবমূর্তি ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
সব আমলের সুবিধাভোগীরাও নজরদারিতে
গোয়েন্দা নজরদারির আওতায় থাকা কর্মকর্তাদের মধ্যে শুধু ঊর্ধ্বতন পর্যায়ের সদস্যরাই নন, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যও রয়েছেন। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক আশীর্বাদে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়া এবং পরবর্তী সময়ে ক্ষমতার পালাবদলের পরও প্রভাব ও যোগাযোগ কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ পদে বহাল থাকা কর্মকর্তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, এমন কিছু কর্মকর্তা রয়েছেন, যাঁরা আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধা ভোগ করলেও পরবর্তী সময়ে নিজেদের অবস্থান পরিবর্তন করে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। আবার কেউ কেউ বিভিন্ন সরকারের আমলেই প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ রেখে সুবিধাজনক পদে দায়িত্ব পালন করেছেন। অন্তর্বর্তী সরকারের সময় তদবির ও বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগের মাধ্যমে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এ ছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া নির্দিষ্ট এলাকার পুলিশ সদস্যদের ভূমিকা নিয়েও বিশেষ সতর্কতা অবলম্বন করছেন গোয়েন্দারা। তবে নজরদারির তালিকায় থাকা প্রত্যেকের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ রয়েছে—এমন নয়; সন্দেহজনক যোগাযোগ ও কর্মকাণ্ড যাচাই করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে ব্যবস্থা
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক কর্মকর্তা জানান, কোনো পুলিশ কর্মকর্তার সন্দেহজনক কথাবার্তা, যোগাযোগ কিংবা কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা পুলিশ সদর দপ্তরকে জানানো হচ্ছে। ডিসেম্বরকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা ঘিরে পুলিশ বাহিনীর কেউ যাতে গোপন তথ্য পাচার করতে না পারেন, সে জন্য নজরদারি জোরদার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. আহসান হাবীব পলাশ বলেন, যেকোনো অপরাধে কেউ জড়িত হলে তাঁকে আইনের আওতায় আনা হয়। এ ক্ষেত্রে তিনি পুলিশ সদস্য নাকি অন্য কোনো পেশার মানুষ, তা বিবেচ্য নয়। পুলিশের কোনো সদস্য কিংবা অন্য কেউ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর চার দিনের রিমান্ডে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং হোয়াটসঅ্যাপে উসকানিমূলক বার্তা পাঠানোর অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের এসপি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৪ নভেম্বর রাতে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৮ নভেম্বর রাতে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে এক ব্যক্তিকে দুটি বার্তা পাঠান জাহাঙ্গীর আলম। এর একটিতে ইংরেজিতে বাংলাদেশকে ডিসেম্বর মাসে ‘আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার’ কথা বলা হয়। অন্য বার্তায় ‘ডিসেম্বরে জীবন-মরণ বাজি রেখে’ মাঠে নামার বিষয়টি উল্লেখ করা হয়।
মামলায় আরও বলা হয়, তাঁর পাঠানো বার্তায় ডিসেম্বর মাসে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে। এ ঘটনায় রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগ আনা হয়।
একাধিক সূত্রের দাবি, জাহাঙ্গীর আলমের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং দলটির সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিমের যোগাযোগ ছিল। এসব অভিযোগের সত্যতা ও এর সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।



















