ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএসসিসি’র সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার চাহিদা ২১ লাখ টন নোনা জলের চাষাবাদে ব্যস্ত দক্ষিণ উপকূলের চাষিরা শিগগিরই নতুন তারিখ গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত তথ্য পাচারের সন্দেহে পুলিশের শতাধিক কর্মকর্তা নজরদারিতে গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর রাজনীতিতে আসার আগে নিজেকে যোগ্য করে গড়ে তোলার পরামর্শ প্রধানমন্ত্রীর চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং, আলোচনায় যেসব বিষয় চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর হাত ধরে ডিসেম্বরে উন্মোচন হচ্ছে পর্যটন মহাপরিকল্পনা

প্রধানমন্ত্রীর হাত ধরে ডিসেম্বরে উন্মোচন হচ্ছে পর্যটন মহাপরিকল্পনা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

ডিসেম্বরে উন্মোচন হচ্ছে পর্যটন মহাপরিকল্পনা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জানুয়ারি থেকে বাস্তবায়ন, লক্ষ্য ১ হাজার ৪৯৮ পর্যটনকেন্দ্রের উন্নয়ন

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে প্রতিযোগিতামূলক ও টেকসই পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রণীত জাতীয় পর্যটন মহাপরিকল্পনা আগামী ডিসেম্বরে উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পনাটি অনুমোদন পেলে আগামী বছরের জানুয়ারি থেকেই শুরু হবে এর বাস্তবায়ন। দেশের আট বিভাগে চিহ্নিত ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে ঘিরে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটনসেবার মানোন্নয়নের সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাংলাদেশের পর্যটনশিল্পের বিকাশে দীর্ঘদিনের প্রত্যাশিত এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পর্যটনকে শুধু বিনোদননির্ভর খাত হিসেবে নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতির বিকাশের অন্যতম চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করাই এ পরিকল্পনার লক্ষ্য।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানান, ঢাকায় প্রস্তাবিত ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এর সময় মহাপরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের প্রস্তুতি চলছে।

পাঁচ দিনব্যাপী এ উৎসব আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। তবে চূড়ান্ত কর্মসূচি ও এতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

ফারুকী বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে মহাপরিকল্পনাটি মন্ত্রণালয়ে জমা দেওয়ার আশা করা হচ্ছে। চূড়ান্তকরণ প্রক্রিয়া শেষে জাতীয় পর্যটন কাউন্সিলের অনুমোদন পাওয়া গেলে জানুয়ারি থেকেই এর বাস্তবায়ন শুরু করা সম্ভব হবে।

ছবি সংগ্রহ

তিনি জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে পর্যালোচনা কমিটির যাচাই করা মহাপরিকল্পনা পাওয়ার প্রত্যাশা করছে বিটিবি। এরপর অনুমোদনের জন্য তা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশ ফেস্টিভ্যালে প্রধানমন্ত্রীকে দিয়ে মহাপরিকল্পনাটি উন্মোচনের বিষয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।

১ হাজার ৪৯৮ পর্যটনকেন্দ্র ঘিরে মহাপরিকল্পনা

জাতীয় পর্যটন মহাপরিকল্পনায় ২০২৪ থেকে ২০৪১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশল নির্ধারণ করা হয়েছে। এর মূল লক্ষ্য বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক, আকর্ষণীয় ও টেকসই পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা।

পরিকল্পনায় দেশের আটটি প্রশাসনিক বিভাগে ১ হাজার ৪৯৮টি পর্যটন সম্পদ ও আকর্ষণকেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এসব গন্তব্যের অবকাঠামো উন্নয়ন, পর্যটন পণ্য তৈরি, ব্যবস্থাপনা, বিপণন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মহাপরিকল্পনায় ২০৪১ সালের মধ্যে ৫৫ লাখ ৮০ হাজার পর্যটক আকর্ষণ এবং ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

দেশের বহুমাত্রিক পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সমুদ্রসৈকত, পরিবেশবান্ধব পর্যটন, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী পর্যটন, ধর্মীয় পর্যটন, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, নদীকেন্দ্রিক পর্যটন, গ্রামীণ পর্যটন, ক্রুজ এবং মাইস (মিটিং, ইনসেনটিভ, কনফারেন্স ও এক্সিবিশন) পর্যটন বিকাশের প্রস্তাব করা হয়েছে।

বিদেশি বিনিয়োগ আকর্ষণে ই-ভিসা চালু, পর্যটকদের নিরাপত্তা জোরদার, গন্তব্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) সম্প্রসারণের সুপারিশও রয়েছে। পাশাপাশি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, গন্তব্য ব্যবস্থাপনা সংস্থা এবং স্বতন্ত্র পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব করা হয়েছে।

ছবি সংগ্রহ

জানুয়ারি থেকেই অগ্রাধিকারমূলক কার্যক্রম

বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে ২০২৭ সালের জানুয়ারি থেকেই মহাপরিকল্পনার অগ্রাধিকারমূলক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়ন মানে শুধু হোটেল, রিসোর্ট কিংবা অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ নয়। এর আওতায় পর্যটন গন্তব্যের প্রচারণা, পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার মতো কার্যক্রমও শুরু করা হবে।

পরিকল্পনায় বাস্তবায়নকারী প্রতিষ্ঠান চিহ্নিত করা, অর্থায়নের সম্ভাব্য উৎস নির্ধারণ, প্রকল্পের অগ্রাধিকার ঠিক করা এবং কার্যক্রম তদারকির জন্য একটি সুসংগঠিত কাঠামোর প্রস্তাব রাখা হয়েছে। পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে প্রণোদনা, অগ্রাধিকারভিত্তিক প্রকল্প গ্রহণ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

পর্যটনকে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি করতে চায় সরকার

সরকার পর্যটনশিল্পকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের অন্যতম গুরুত্বপূর্ণ খাত হিসেবে গড়ে তুলতে চায়। এর আগে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে একটি সমন্বিত মহাপরিকল্পনা তৈরি করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার পর্যটনকে অগ্রাধিকারমূলক খাত হিসেবে চিহ্নিত করেছে। মহাপরিকল্পনার আওতায় পর্যায়ক্রমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

তিনি কক্সবাজার, সিলেট ও খুলনায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের মালিকানাধীন জমিতে আন্তর্জাতিক মানের হোটেল ও পর্যটন সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান।

কক্সবাজারে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে পর্যটন অবকাঠামো গড়ে তুলতে ১৩২ দশমিক ৪৪ একর জমি চিহ্নিত করেছে সরকার। এ ছাড়া দেশের আতিথেয়তা খাতের দক্ষ জনবল তৈরির লক্ষ্যে মোটেল লাবণী চত্বরে আধুনিক পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও সংসদে জানিয়েছেন, প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটনকেন্দ্রকে অন্তর্ভুক্ত করে সমন্বিত মহাপরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে। পাশাপাশি কমিউনিটিভিত্তিক পর্যটনের প্রসার, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটন খাতের তথ্য-উপাত্ত উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ‘জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬’ প্রণয়নের কাজও শুরু হয়েছে।

ছবি সংগ্রহ

কার্যকর বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ

দীর্ঘদিন ধরে জাতীয় পর্যটন মহাপরিকল্পনার অপেক্ষায় থাকা এ খাতের অংশীজনরা এবার পরিকল্পনাটির কার্যকর বাস্তবায়ন দেখতে চান। তাঁদের মতে, বাংলাদেশের পর্যটন সম্ভাবনা বিপুল হলেও অবকাঠামোগত সীমাবদ্ধতা, দুর্বল গন্তব্য ব্যবস্থাপনা, দক্ষ জনবলের অভাব এবং সেবার মানের ঘাটতির কারণে এ খাত প্রত্যাশিত বিকাশ অর্জন করতে পারেনি।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ হানিফ পর্যটন খাতের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, পেশাদার প্রশিক্ষণ এবং নীতিগত সহায়তার ওপর গুরুত্ব দিয়েছেন।

টোয়াবের সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান মনে করেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই পর্যটনের বিকাশ ঘটবে না। পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করা এবং সেবার মান নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমান বেসরকারি খাতের অংশগ্রহণ, কার্যকর গন্তব্য ব্যবস্থাপনা এবং সমন্বিত বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন।

তিনি বলেন, মহাপরিকল্পনায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, পরিবেশগত স্থায়িত্ব, পর্যটন বিপণন এবং উন্নত যোগাযোগব্যবস্থাকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে।

সংশ্লিষ্টদের মতে, মহাপরিকল্পনার সফল বাস্তবায়ন নিশ্চিত করা গেলে পর্যটন খাতের সঙ্গে যুক্ত হোটেল, রিসোর্ট, পরিবহন, রেস্তোরাঁ, ট্যুর অপারেটরসহ বিভিন্ন সেবামূলক শিল্পে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান ও আয় বাড়বে। তবে পরিকল্পনার সুফল পেতে হলে ঘোষণার পাশাপাশি সুনির্দিষ্ট সময়সীমা, পর্যাপ্ত অর্থায়ন, জবাবদিহি এবং নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :