চাহিদা ২১ লাখ টন নোনা জলের চাষাবাদে ব্যস্ত দক্ষিণ উপকূলের চাষিরা
- আপডেট সময় : ১০:৪৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের উপকূলে শুরু হয়েছে লবণ উৎপাদনের ব্যস্ত মৌসুম। সমুদ্রের নোনা পানি বিশেষ পদ্ধতিতে শুকিয়ে লবণ উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন হাজারো চাষি। দেশের লবণশিল্পের প্রধান কেন্দ্র এই উপকূলীয় অঞ্চল। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ মৌসুমে কক্সবাজার ও চট্টগ্রামে ৪০ হাজার ১৫০ জন চাষি ৬৭ হাজার ৭৫৭ একর জমিতে লবণ উৎপাদন করেছেন।
এ সময়ে উৎপাদিত হয়েছে প্রায় ১৯ লাখ ৪৫ হাজার টন লবণ। দেশের চাহিদার বিপরীতে উৎপাদনে ঘাটতি থাকায় এ খাতের গুরুত্ব আরও বেড়েছে। কর্মসংস্থান, গ্রামীণ আয় ও শিল্পের কাঁচামাল সরবরাহে লবণশিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশে পরিশোধিত লবণের মোট চাহিদা ধরা হয়েছে ২১ লাখ টন। এর মধ্যে খাওয়ার লবণ সাড়ে ৭ লাখ টন, শিল্পে ব্যবহারের লবণ সাড়ে ৯ লাখ টন, মাছ চাষের ৩৭ হাজার টন এবং প্রাণিসম্পদ খাতের ৩ লাখ ৬ হাজার টন।
বিসিক তথ্য অনুযায়ী, ১৫ নভেম্বর থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলতি মৌসুমের পাঁচ মাস কক্সবাজারের টেকনাফ, সদর, কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া, পেকুয়া, ঈদগাঁও, চট্টগ্রামের বাঁশখালীতে লবণ উৎপাদন করা হবে।

লবণের নতুন মৌসুম শুরুর আগে দেড় লাখ টন অপরিশোধিত লবণ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সম্ভাব্য ঘাটতির আশঙ্কায় এ পরিমাণ লবণ আমদানির সুপারিশ করা হয়েছিল বলে জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) কর্মকর্তারা।
বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ লবণচাষিরা। তাদের দাবি, দেশে লবণের কোনো ঘাটতি নেই। লোকসানের পর চাষিরা যখন কিছুটা লাভের মুখ দেখতে শুরু করেন, তখনই আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এতে গত মৌসুমের লোকসান কাটিয়ে ওঠার যে সুযোগ তৈরি হয়েছে, সেটিও নষ্ট হতে পারে।
সাবরাং লবণচাষি কল্যাণ পরিষদ ও ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ শফিক মিয়া সংবাদমাধ্যমকে বলেন, গত মৌসুমে এক মণ লবণ উৎপাদনে খরচ হয়েছে ৩২০ থেকে ৩৩০ টাকা। মৌসুমের শুরুতে ৪০ থেকে ৮০ টাকা লোকসানেও লবণ বিক্রি করতে হয়েছে। পরে দাম বাড়ায় এখন প্রতি মণ প্রায় ৪০০-৪১০ টাকায় বিক্রি হচ্ছে।

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, ইন্ডাস্ট্রিয়াল লবণ বলে আলাদা কিছু নেই, লবণ একটাই। নতুন মৌসুম শুরুর আগে মাঠ ও শিল্পকারখানায় পর্যাপ্ত মজুদ রয়েছে। এ অবস্থায় লবণ আমদানি করা হলে দেশীয় চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন। তিনি আমদানির সিদ্ধান্তের বিরোধিতা করেন।
বিসিক টেকনাফের পরিদর্শক মিজানুর রহমান জানান, ২০২৫-২৬ মৌসুমে টেকনাফে ৪ হাজার ৫৫০ একর জমিতে লবণ উৎপাদিত হয়েছে। নতুন মৌসুমের উৎপাদন কার্যক্রম শিগগিরই শুরু হবে।
বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির বলেন, সম্ভাব্য সংকটের ঝুঁকি এড়াতে সরকার আমদানির অনুমতি দিয়েছে। তবে এখনো কোনো লবণ আমদানি হয়নি।
অন্যদিকে, কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, অনুকূল আবহাওয়া ও কৃষি উপকরণের সহজলভ্যতায় চলতি বছর ধানের বাম্পার ফলন হয়েছে। লবণাক্ত জমিতে ধান চাষে সাফল্য আসায় কৃষকদের আগ্রহও বাড়ছে।



















