নালিতাবাড়ীতে আটকে রেখে নির্যাতন ২ লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- আপডেট সময় : ০৬:৪১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ীতে কাঠ ব্যবসার কথা বলে ডেকে নিয়ে আটকে রেখে মারধর, প্রাণনাশের হুমকি এবং মোটরসাইকেল, আইফোন, স্মার্টওয়াচ ও নগদ ২ লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মিজানুর রহমান মিজানসহ অজ্ঞাতনামা ৫-৬ জনের বিরুদ্ধে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে ঝিনাইগাতী সদর বাজারে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জান্নাতুল নাঈম। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।
লিখিত বক্তব্যে জান্নাতুল নাঈম বলেন, গত ২২ সেপ্টেম্বর কাঠ বিক্রির কথা বলে তাঁকে নালিতাবাড়ীর আড়াইআনি বাজারে ডেকে নেওয়া হয়। পরে কেরেঙ্গাপাড়া গ্রামের একটি বাড়িতে আটকে রেখে মারধর করা হয়। এ সময় তাঁর মোবাইল ফোন ও মোটরসাইকেলের চাবি নিয়ে নেওয়া হয়। নির্যাতনে তাঁর কানের পর্দা ক্ষতিগ্রস্ত এবং পায়ে গুরুতর আঘাত লাগে বলেও দাবি করেন তিনি।
তাঁর অভিযোগ, নগদ টাকা, এটিএম কার্ডসহ বিভিন্ন মালামাল নেওয়ার পাশাপাশি তাঁকে ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করতে বাধ্য করা হয় এবং ১০ লাখ টাকা দাবি করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে তাঁকে হালুয়াঘাট বাসস্ট্যান্ডে ফেলে রাখা হয়। সেখান থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে বাড়ি ফিরে চিকিৎসা নেন তিনি।
এ ঘটনায় শেরপুরের আদালতে সিআর মামলা নং ৮০৬/২০২৬ দায়ের করেছেন জান্নাতুল নাঈম। তাঁর দাবি, আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে, মিজানুর রহমান মিজানও তাঁর বিরুদ্ধে সিআর মামলা নং ৮৩৪/২০২৬ করেছেন। মিজান অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে আর্থিক লেনদেনের বিরোধ ও পরিকল্পিত মামলা বলে দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে জান্নাতুল নাঈম নিরপেক্ষ তদন্ত, মালামাল উদ্ধারের উদ্যোগ এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় তাঁর পরিবারের সদস্য ও স্বজনেরা উপস্থিত ছিলেন।



















