শাশ্বতী গুহ’র কবিতা ‘আজও আমার কিছু বলার ছিল’
- আপডেট সময় : ১২:২৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
সেই ছোটবেলা থেকে আজও
আমার কিছু বলার ছিল, বলার আছে
আমি কিছু বলতে চাই..
এ এক অবিরাম প্রয়াস।
সময় যত এগোচ্ছে সে যেন
ব্যাধির মতো আরো শক্ত করে চেপে ধরছে আমাকে।
তুমি চাইলেই তুড়ি দিয়ে মুখ বন্ধ করতেই পারো।
আর আমি তক্ষুনি ক্ষেপে গিয়ে
দ্বিগুন শক্তি বাড়িয়ে আবার আরম্ভ করি।
কারণ আমি বলতে চাই।
যে আপোষের কথা তুমি বলো
তার সঙ্গে আমার দূরত্ব তৈরি হয়েছে অনেক –
এখন আমি স্পর্ধিত কন্ঠে একটার পর একটা
সিঁড়ি ডিঙ্গিয়ে এগোচ্ছি।
এ আমার স্পর্ধা-
স্পর্ধা আকাশ ছোঁয়া।
কারণ আমি বলতে চাই
এবং সবটুকু বলতে চাই।
চিরকাল আমি বড়ো বেশি বেপরোয়া-
আমি জানি বলা আমার জন্মগত অধিকার
তুমি আমাকে চুপ করানোর মন্ত্র খোঁজো,
আমি নীরবে হাসি।
প্রলোভন দাও, সামলে চলি।
ভয় দেখাও, গর্জে উঠি।
কারণ আমি বলতে চাই।
প্রতিটি অন্যায়ে বলতে চাই ,
প্রতিটি অসম্মানে বলতে চাই
পাওয়া না পাওয়ার দ্বন্দ্বে বলতে চাই।
প্রতিটি চোখের জলে, দুঃখ গুলোকে সামনে রেখেই বলতে চাই।
প্রতিবাদে প্রতিরোধে আগুন হয়ে জ্বলতে চাই।
বলতে চাই।
কারণ বলা আমার জন্মগত অধিকার।









