রাষ্ট্রদ্রোহের মামলায় ওসি-এসপি, নজরদারিতে কয়েক হাজার পুলিশ সদস্য
- আপডেট সময় : ১১:০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
রাজনৈতিক যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত কথোপকথন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগে ওসি রাকিবুল ও এসপি জাহাঙ্গীরকে ঘিরে তদন্ত চলছে। একই ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে নজরদারিতে রয়েছেন কয়েক হাজার পুলিশ সদস্য। আইনজীবীদের মতে, অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
এ বিষয়ে কঠোর অবস্থানে পুলিশ সদর দপ্তর। তাদের বক্তব্য, কোনো ব্যক্তির অপরাধের দায় পুরো বাহিনী নেবে না। উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য আদান-প্রদানের অভিযোগে গত ১৪ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।
এর আগে একই ধরনের রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হন ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান। গত ১৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। দুই দফা রিমান্ড শেষে বর্তমানে কারাগারে রয়েছেন তিনি।
আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপন যোগাযোগ রাখাসহ বিভিন্ন অভিযোগে কয়েক হাজার পুলিশ সদস্যের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত চলছে। নজরদারিতে রয়েছেন আরও অনেকে। প্রশ্ন উঠেছে, দায়িত্বশীল পদে থেকে রাষ্ট্রের স্পর্শকাতর তথ্য পাচার এবং কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ কতটা গুরুতর অপরাধ?
আইনজীবীরা বলছেন, এ ধরনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জাহেদ ইকবাল বলেন, ‘রাষ্ট্রদ্রোহ বা এ ধরনের অভিযোগ অত্যন্ত গুরুতর। পেনাল কোডে রাষ্ট্রদ্রোহের যে বিধান রয়েছে, তাতে গুরুতর অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে।’
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারোয়ার হোসেন বলেন, ‘যে এসপিকে গ্রেফতার করা হয়েছে, তিনি ব্যক্তিগত ও সরকারি ফোন ব্যবহার করে বিভিন্ন জায়গায় বার্তা আদান-প্রদান করেছেন। এতে স্পষ্ট হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তিনি দেশের বিরুদ্ধে কাজ করছিলেন।’
পুলিশ সদর দফতর বলছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বাহিনীর সদর দফতর।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বলেন, ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তদের নজরদারিতে আনা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে। একজন ব্যক্তির কর্মকাণ্ড বা তৎপরতা পুরো বাহিনীর চিত্র তুলে ধরে না। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আমাদের এ ধরনের নজরদারি বা ব্যবস্থা নেয়ার সুযোগ নেই। তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
পুলিশ সদর দফতর আরও বলছে, নিরপরাধ ও পেশাদার পুলিশ সদস্যদের আতঙ্কিত হওয়ার কিছু নেই



















