সৌদি তেল স্থাপনায় হামলার দাবি, লাফিয়ে বাড়ছে তেলের দাম
- আপডেট সময় : ১০:৩২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
হরমুজ প্রণালিতে জাহাজে মাইন বিস্ফোরণ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বিস্তার এবং গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায় আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলার দাবি, হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণ এবং সমুদ্রপথে পণ্য পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কা বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করেছে।
সংঘাত দীর্ঘায়িত হলে তেলের সরবরাহ সংকুচিত হওয়ার পাশাপাশি দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৯৪ দশমিক ৬৬ ডলারে পৌঁছায়। সকাল সাড়ে ৭টার দিকে এ দর রেকর্ড করা হয়। সপ্তাহের শুরুতে ব্রেন্টের দাম সাময়িকভাবে ৯০ ডলারের নিচে নেমে এলেও মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনায় আবার ঊর্ধ্বমুখী হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম প্রতি ব্যারেল ৮৪ ডলারের কাছাকাছি অবস্থান করছে। আগের দুই সেশনে এ তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে।
তেলের বাজারে উদ্বেগের বড় কারণ হরমুজ প্রণালির নিরাপত্তা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী বুধবার দাবি করেছে, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করার সময় দুটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত হানে। এতে জাহাজ দুটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত এ প্রণালিতে নৌ চলাচল বাধাগ্রস্ত হলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
এদিকে সৌদি আরবের প্রধান তেল রপ্তানি কেন্দ্র রাস তানুরাসহ দেশটির গুরুত্বপূর্ণ তেল স্থাপনাকে লক্ষ্য করে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতিরা। এসব ঘটনায় মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। কারণ, এ অঞ্চলের তেল উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটলে সরবরাহের ঘাটতি তৈরি হবে। তখন শুধু অপরিশোধিত তেলের দাম নয়, পরিবহন ব্যয় ও জ্বালানি আমদানির খরচও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সংঘাত প্রশমনে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা চললেও এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি নেই। ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল শুরু হবে না। ফলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতিতে জ্বালানি সংকটের চাপ আরও বাড়বে। তেলের দাম বাড়লে আমদানিনির্ভর দেশগুলোকে বেশি অর্থ ব্যয় করতে হবে। এতে পরিবহন, বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানার উৎপাদন ব্যয় ও নিত্যপণ্যের বাজারেও মূল্যস্ফীতির চাপ তৈরি হতে পারে। বাংলাদেশের মতো জ্বালানি আমদানিনির্ভর দেশের জন্যও এমন পরিস্থিতি উদ্বেগের। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকলে বৈদেশিক মুদ্রার ওপর চাপ, আমদানি ব্যয় বৃদ্ধি এবং অভ্যন্তরীণ জ্বালানি ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে।



















