নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের ক্ষোভ
- আপডেট সময় : ১০:৩৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এ সময় তাকে লক্ষ্য করে ‘ইউ আর টেররিস্ট’, ‘গো ব্যাক’সহ বিভিন্ন স্লোগান ও মন্তব্য করেন সেখানে উপস্থিত কয়েকজন প্রবাসী। পরে নিরাপত্তাকর্মীরা তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন।
সোমবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে করে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ড. ইউনূসকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করছেন কয়েকজন প্রবাসী। এ সময় তাদের মুখে ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’, ‘গো ব্যাক’, ‘ইউ ডেস্ট্রয় ডেমোক্রেসি’ এবং ‘ইউ কিল্ড থাউজেন্ডস অব পুলিশ’ এ ধরনের স্লোগান শোনা যায়।
ভিডিওতে দেখা যায়, পরিস্থিতির মধ্যে নিরাপত্তাকর্মীরা ড. ইউনূসকে দ্রুত সেখান থেকে নিয়ে যান। এ সময় তার সঙ্গে থাকা লামিয়া মোর্শেদও দ্রুত বিমানবন্দরের ভেতরে চলে যান বলে জানিয়েছেন সেখানে উপস্থিত একাধিক ব্যক্তি।
তবে এ ঘটনায় জড়িত প্রবাসীদের পরিচয়, তাদের বিক্ষোভের নির্দিষ্ট কারণ এবং ঘটনার বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।



















