সংবাদ শিরোনাম ::
শিরীণ বেবীর কবিতা ‘জিজ্ঞাসা’
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
কতটা দূর দেখতে পেলে
দেখার শান্তি মেলে
দুচোখ মেলে তাকিয়ে থাকি
দেখতে পাই না তবুও
দুর দিগন্ত দেখতে পেলে
দুচোখ শান্তি পেত।
কতটা পথ হাঁটতে পারলে
হাঁটার ইচ্ছা মরে
হাঁটতে হাঁটতে পথ ফুরাবে
এমন পথ কই
ফুরালে পথ তবেই বুঝি
হাঁটা থেমে যেত।
কতটা ঢোঁক গিলতে পারলে
জলের তৃষ্ণা মেটে
এক আঁজলা জল পানে যে
তৃষ্ণা মেটে নাগো
আকণ্ঠ জল গিলতে পারলে
পিপাসা দূর হত।
কতটা সুধা কানে গেলে
কথা শোনা যেত
অনেক কথার কোলাহলে
শুনতে পাই না কেন
কতটা শান্ত নীরব হলে
শব্দ শোনা যেত?
এতো এতো মানুষ দেখি
চেনার মানুষ কই
ভীড়ের মাঝে লুকিয়ে থেকে
খুঁজে ফিরি তাই
অচেনা হলে তবেই বুঝি
মানুষ চেনা যায়।
স্বপ্ন একদিন সত্যি হবে
আশা করে যাই
স্বপ্ন বুনি স্বপ্ন সাজাই
ভেঙে কেন যায়
কতটা স্বপ্ন বুনলে তবে
আশাপূরণ হয়!













