প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে সোমবার খুলছে আধুনিক ওসমানী উদ্যান
- আপডেট সময় : ১০:২০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
রাজধানীবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন রূপে উন্মুক্ত হতে যাচ্ছে ঐতিহাসিক ওসমানী উদ্যান। প্রায় ১০ বছর বন্ধ থাকার পর আধুনিকায়ন করা এই উদ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল সোমবার (১৯ অক্টোবর)। একই সঙ্গে উদ্বোধন করা হবে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওসমানী উদ্যান প্রাঙ্গণে সোমবার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সম্প্রতি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে উদ্যানটির আধুনিকায়ন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশ শেষে একই দিন উদ্যানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর ওসমানী উদ্যান আবারও নগরবাসীর অবসরযাপন ও বিনোদনের প্রাণবন্ত কেন্দ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। আধুনিক সুযোগ-সুবিধা ও নান্দনিক পরিবেশে সাজানো উদ্যানটিতে দর্শনার্থীরা হাঁটাচলা, অবসরযাপন এবং পরিবার-পরিজনের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ পাবেন।
উদ্যানের অন্যতম আকর্ষণ হিসেবে নির্মাণ করা হয়েছে বিশেষ ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। জুলাই শহীদ ও জুলাইয়ের বীর যোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নির্মিত এই স্মৃতিস্তম্ভ দর্শনার্থীদের সামনে জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান এবং আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরবে।
সচিবালয়-সংলগ্ন গুরুত্বপূর্ণ এই উদ্যানের আধুনিকায়নে যুক্ত করা হয়েছে নানামুখী নাগরিক সুবিধা। এর মধ্যে রয়েছে সুপরিকল্পিত হাঁটার পথ, রেস্তোরাঁ, আধুনিক লাইব্রেরি, শিশুদের জন্য নির্ধারিত খেলার জায়গা, কৃত্রিম পানির ফোয়ারা এবং মনোরম জলধারা।
সব মিলিয়ে, সবুজের স্নিগ্ধতা, আধুনিক অবকাঠামো ও ঐতিহাসিক স্মৃতির সমন্বয়ে ওসমানী উদ্যানকে নগরবাসীর জন্য একটি আকর্ষণীয় অবসর ও বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর উদ্যানটি খুলে দেওয়ার মধ্য দিয়ে রাজধানীর নাগরিক জীবনে যুক্ত হতে যাচ্ছে নতুন এক উন্মুক্ত পরিসর।



















