আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের
- আপডেট সময় : ০৪:৫৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, স্থানীয় সরকার নির্বাচন ও সংবিধান সংস্কার নিয়ে সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে দায়িত্বে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়। সোমবার ঢাকার বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলামের অভিযোগ, বর্তমান সরকার, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য দায়ী। মিরপুরের রাড্ডা সেন্টার এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনা তুলে ধরে তিনি বলেন, এসব ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা স্পষ্ট হয়েছে। তার দাবি, রাজধানীতে ঘটে যাওয়া এসব ঘটনা গণমাধ্যমে এসেছে, কিন্তু সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও একই রকম।
জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, সেখানে জনগণের প্রত্যাশা যথাযথভাবে উঠে আসেনি। বিশেষ করে জ্বালানি সংকট ও মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজনীয় উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো যথেষ্ট গুরুত্ব পায়নি বলে তিনি মন্তব্য করেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচন বারবার পেছানো হচ্ছে এবং নির্বাচন কমিশনকে দলীয়করণের মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে। নির্বাচন ‘ইঞ্জিনিয়ারিং’-এর আশঙ্কা তৈরি হলে এনসিপি সর্বোচ্চ শক্তি দিয়ে তা প্রতিরোধ করবে বলেও তিনি জানান।
সংবিধান সংশোধনী কমিটির সমালোচনা করে তিনি বলেন, সংশোধনের নামে মৌলিক সংস্কারের আকাঙ্ক্ষাকে ব্যাহত করার চেষ্টা চলছে। এনসিপি ‘কসমেটিক’ পরিবর্তনের পরিবর্তে মৌলিক সংস্কার চায়।
এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়ায় প্রায় আড়াই হাজার প্রার্থী বাদ পড়ার অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, অন্যায়ভাবে কাউকে বাদ দেওয়া হলে এনসিপি তাদের পাশে থাকবে।



















