সম্পর্ক গভীর করতে ঢাকা-দিল্লির সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার
- আপডেট সময় : ০৬:৫৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ-ভারতের জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ভবিষ্যতে জনগণকেন্দ্রিক সহযোগিতার পরিধি আরও সম্প্রসারণে একমত হয়েছে উভয় পক্ষ।
মঙ্গলবার দেশটির স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। বৈঠকে স্থানীয় সরকার, মন্ত্রকের প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। শুরুতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাইকমিশনার বিএনপির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।
পরে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বিশেষ গুরুত্ব পায় দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং বিভিন্ন পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়টি। এসময় স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী, কার্যকর ও জনবান্ধব করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
স্থানীয় পর্যায়ে সুশাসন নিশ্চিত করা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং জনগণের কাছে সরকারি সেবা সহজে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ভূমিকার বিষয়টি উঠে আসে। এ ছাড়া স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে দুই দেশের অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ও সুবিধাকে কেন্দ্র করে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি হলে দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও অর্থবহ ও সুদৃঢ় হবে।


















