নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের
- আপডেট সময় : ০৯:০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে রবিবার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি ম্যাপ পোস্ট করেন। ওই ম্যাপে মেক্সিকো নামটি লাল দাগ দিয়ে কেটে নিচে লেখা ছিল ‘আমেরিকা’।
ট্রাম্পের এমন প্রস্তাব তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছেন ওই অঙ্গরাজ্যের গভর্নর। এর কয়েক দিন আগে ট্রাম্প একটি নির্বাহী আদেশে লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার উদ্যোগ নেন।
এদিকে, হোয়াইট হাউস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে পোস্ট করা ম্যাপের ছবিটি পুনরায় পোস্ট করে। তবে নিউ মেক্সিকোর নাম পরিবর্তন সংক্রান্ত কোনো উদ্যোগের ঘোষণা হোয়াইট হাউস থেকে এখনো আসেনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের হাতে জিওগ্রাফিক নেমস ইনফরমেশন সিস্টেমে (জিএনআইএস) থাকা ভৌগোলিক স্থানের নাম পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। জিএনআইএসের মধ্যে জলাশয়ও পড়ে। কিন্তু আইনিভাবে কোনো অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করার সাংবিধানিক ক্ষমতা প্রেসিডেন্টের হাতে নেই। কোনো অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করতে চাইলে, সেটি করতে হবে সেই অঙ্গরাজ্যের অভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমেই।
নিউ মেক্সিকোর গভর্নর মিশেল লুজান গ্রিশাম ফক্স নিউজ-কে জানান, নিউ মেক্সিকোর নাম পরিবর্তন নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই। যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠারও আগে থেকেই আমাদের নাম এটি। গভর্নর অভিযোগ করে বলেন, গ্যাসের দাম বেড়ে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে মার্কিন জনগণের দৃষ্টি সরিয়ে নিতে এমনটি প্রস্তাব দিচ্ছেন ট্রাম্প।
এদিকে, ইরানের সাথে চলমান যুদ্ধের মধ্যে গত সপ্তাহে হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। তবে কয়েক ঘণ্টা পরেই তিনি ইঙ্গিত দেন যে, বিষয়টি নিয়ে তিনি মোটেও আগ্রহী নন। এছাড়া ট্রাম্প ২০২৫ সালে পুনরায় ক্ষমতায় আসার পর ‘মেক্সিকো উপসাগর’র নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ ঘোষণা করেছিলেন। তবে ট্রাম্পের ওই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছিল মেক্সিকো। সূত্র: আরব নিউজ, সিএনএন

















