পায়ে হেঁটে সমুদ্র থেকে এভারেস্ট কৃষকের ছেলের বিস্ময়কর কীর্তি
- আপডেট সময় : ০৭:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের এক কৃষক পরিবারের সন্তান ইকরামুল হাসান শাকিল অসাধারণ এক কীর্তি গড়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন। নিজের ‘সি টু সামিট’ অভিযানে তিনি কক্সবাজারের ইনানী সৈকত থেকে পায়ে হেঁটে শুরু করে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন।
২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি তাঁর যাত্রা শুরু হয়। ইনানী সৈকত থেকে হেঁটে তিনি চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, সিরাজগঞ্জ ও পঞ্চগড় অতিক্রম করে ভারত হয়ে নেপালে প্রবেশ করেন। দীর্ঘ ১,৪০০ কিলোমিটার পথ অতিক্রম করে ২৯ এপ্রিল পৌঁছান এভারেস্ট বেজক্যাম্পে।

এরপর ধাপে ধাপে অভিযানের প্রস্তুতি নিয়ে ১৬ মে চূড়ান্ত আরোহন শুরু করেন। অবশেষে ১৯ মে দুপুর ২টা ১০ মিনিটে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছান এবং নিরাপদে ফিরে আসেন।
এর আগে ২০২৩ সালে তিনি ১,৭০০ কিলোমিটার দীর্ঘ ‘গ্রেট হিমালয়া ট্রেইল’ হেঁটে পাড়ি দিয়ে আলোচনায় আসেন। তাঁর এই অসাধারণ সাফল্য নিয়ে বিশিষ্ট লেখক আনিসুল হক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করে লিখেছেন, এক কৃষকের ছেলের এমন অর্জন সত্যিই বিস্ময়কর।

ইকরামুল তাঁর এই অভিযানের নাম দিয়েছেন ‘সি টু সামিট’, যার অর্থ সমুদ্র থেকে শৃঙ্গ। এটি অনুপ্রাণিত ১৯৯০ সালে অস্ট্রেলীয় অভিযাত্রী টিম ম্যাকার্টনি–স্নেপ–এর একই ধরনের অভিযাত্রা থেকে।
এর আগে তিনি ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে প্রশিক্ষণ নিয়ে হিমালয়ের কেয়াজো–রি, দ্রৌপদী কা ডান্ডা–২, হিমলুং ও ডোলমা খাং শৃঙ্গ জয় করেছেন। তাঁর এই অর্জন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।










