পুলিশকে দলীয় প্রভাবমুক্ত করার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
- আপডেট সময় : ০২:১৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণ নিরপেক্ষ ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, পুলিশ কখনোই কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়; বরং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবেই তাদের কাজ করতে হবে।
শনিবার সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি-তে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে একটি পেশাদার, আধুনিক ও মানবিক পুলিশ বাহিনী গড়ে তোলাই সময়ের দাবি।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহারে জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশকে দলীয় প্রভাবমুক্ত করে একটি সেবাধর্মী প্রতিষ্ঠানে রূপান্তরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যা বাস্তবায়নে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, পুলিশ বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে জনবল বৃদ্ধি, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং প্রযুক্তিগত উন্নয়নের মতো বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের বিষয়েও সরকার কাজ করছে।
পুলিশ সদস্যদের কল্যাণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি উপলব্ধি করেছেন যে বর্তমান পোশাক নিয়ে অনেকেরই অসন্তোষ রয়েছে।
এ বিষয়ে তিনি বলেন, “পুলিশের জন্য একটি ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ পোশাক নিশ্চিত করতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি জিএম আজিজুল রহমান এবং উপাধ্যক্ষ ডিআইজি বসু দেব বণিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, এবারের প্রশিক্ষণ সমাপনীতে মোট ৭২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার অংশ নেন। তাদের মধ্যে ৬৬ জন পুরুষ এবং ৬ জন নারী কর্মকর্তা রয়েছেন, যারা প্রশিক্ষণ শেষে মাঠপর্যায়ে দায়িত্ব পালনে প্রস্তুত।



















