৭ নভেম্বর সরকারি ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
- আপডেট সময় : ০৮:০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পতাকা উত্তোলনের নির্দেশ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মঙ্গলবার (৩ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার নির্ধারিত কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে।
এ ছাড়া পৃথক আরেকটি চিঠিতে দিবসটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। তবে ২০২৬ সালের বর্ষপঞ্জি অনুযায়ী দিনটি শনিবার হওয়ায় এমনিতেই সরকারি চাকরিজীবী ও অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি।
এর মধ্যে মাউশির বিশেষ কর্মসূচি পালনের নির্দেশনায় ছুটির দিনেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পতাকা উত্তোলনের আয়োজন করতে হবে। ফলে সরকারি ছুটির দিন হলেও দিবসটির কর্মসূচি পালনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হচ্ছে।













