পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে পোস্ট, আটক যুবক
- আপডেট সময় : ১০:১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
রাজধানীর ঢাকার মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে রাজিব চন্দ্র দাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) রাত ১১টার দিকে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ থেকে তাকে আটক করা হয়।
আটক রাজিব চন্দ্র দাসের বাড়ি শরীয়তপুর জেলার তুলাসার এলাকার ৪ নম্বর ওয়ার্ডে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করে রাজিব চন্দ্র দাস তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে।
পরে ওই ফেসবুক পোস্টের সূত্র ধরে তার অবস্থান শনাক্ত করে এবং রোববার রাতে প্যারাগন মাঠ এলাকা থেকে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
রোববার মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের মধ্যে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে এ ঘটনা এলাকায় উত্তেজনা তৈরি করে।
পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।









