শ্রমিক বিক্ষোভে অগ্নিসংযোগ ভাঙচুর, ১৫০ কারখানায় ছুটি
- আপডেট সময় : ০৬:২৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে টানা দুই দিন ধরে উত্তপ্ত বাংলাদেশের গাজীপুর, আশুলিয়া ও ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চল। বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, যানবাহন ও দোকানপাটে ভাঙচুর, মহাসড়ক অবরোধ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে গাজীপুর অঞ্চলের প্রায় ১৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রবিবার গাজীপুরের নাওজোর এলাকায় ফ্লাইওভারের ওপর পুলিশের একটি ভ্যানে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের পাশাপাশি যানবাহন, ব্যাংক ও দোকানপাটে ভাঙচুরের অভিযোগ উঠেছে। মিরপুরেও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় বিজিবি ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।
পোশাক শ্রমিকদের আন্দোলনের পিছনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ উঠেছে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে বিক্ষোভকে কাজে লাগিয়ে অস্থিরতা তৈরির অভিযোগ সামনে এসেছে। নাশকতা ও ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে অশান্তি ছড়ানোর পিছনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলির নেতাকর্মীদের ভূমিকা থাকার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর আন্দোলনে অংশগ্রহণের ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন, সহিংসতায় জড়িতদের সঙ্গে প্রকৃত শ্রমিকদের সংশ্লিষ্টতা নেই। তাঁর বক্তব্য, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এরপরও আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির পিছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে। দুই দিনের সহিংসতায় দেশের গুরুত্বপূর্ণ পোশাকশিল্পে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সহ ১১ জনকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে যানবাহন, দোকানপাট ও ব্যাংকে ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে শুরু হওয়া আন্দোলন ক্রমশ সহিংস রূপ নেওয়ায় বাংলাদেশের পোশাকশিল্পে অস্থিরতা ও উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।










