বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে গুরুত্ব
- আপডেট সময় : ০৮:২১:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বিকল্প অর্থায়ন ব্যবস্থায় জাপানের সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ। এ লক্ষ্যে জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা ও সহকারী অর্থমন্ত্রী মিমুরা আতসুসির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
স্থানীয় সময় শুক্রবার (৩০ অক্টোবর) জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য বৃদ্ধি এবং নতুন নতুন খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ও দৃঢ় অর্থনৈতিক সম্পর্কের কথা স্মরণ করেন উভয় পক্ষের প্রতিনিধিরা। একই সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ সময় বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সরাসরি বৈদেশিক বিনিয়োগের বাইরেও বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি বিশেষভাবে তুলে ধরে বাংলাদেশ। উন্নয়ন কার্যক্রমে অর্থায়নের নতুন সুযোগ সৃষ্টি এবং পারস্পরিক অংশীদারত্ব বৃদ্ধিতে জাপানের সহযোগিতা কামনা করা হয়।
বৈঠকে উভয় পক্ষই বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করার বিষয়ে একমত পোষণ করেন। পাশাপাশি সম্ভাবনাময় নতুন নতুন খাতে যৌথভাবে কাজ করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলে কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান। এ ছাড়া বাংলাদেশ ও জাপানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
উল্লেখ্য, জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। স্বাধীনতার পর থেকে দেশটি বাংলাদেশের অবকাঠামো, যোগাযোগ, বিদ্যুৎ, পরিবহন এবং সামাজিক উন্নয়নসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ সহযোগিতা দিয়ে আসছে। জাপানের অর্থায়নে দেশে অতীতে বেশ কয়েকটি বড় অবকাঠামো ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বর্তমানে দেশটির সহযোগিতায় গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি নতুন চুক্তি সম্পাদনের কার্যক্রমও চলমান রয়েছে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে অর্থায়নের বিকল্প উৎস তৈরি এবং জাপানের সঙ্গে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



















