ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী হাসপাতালে আইসিইউতে চার
- আপডেট সময় : ১১:০২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া কওমি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়িয়ে পড়া ধোঁয়ায় অসুস্থ হয়ে এখন পর্যন্ত ৬৩ শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এ ছাড়া অসুস্থ আরও শিক্ষার্থী হাসপাতালে আসছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ শিক্ষার্থীদের কেউ চিকিৎসা নিচ্ছেন, আবার কেউ চিকিৎসার অপেক্ষায় রয়েছেন। তাঁদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ–উৎকণ্ঠা বিরাজ করছে। মাদ্রাসার কয়েকজন শিক্ষকও চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে, কেউ কেউ অসুস্থ শিক্ষার্থীদের দেখাশোনা ও সেবায় নিয়োজিত রয়েছেন। হাসপাতালে আসা শিক্ষার্থীদের অধিকাংশের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, এখন পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে আইসিইউতে রাখা হয়েছে। রোগীর সংখ্যা আরও বাড়ছে। তবে কোনো শিক্ষার্থীর শরীরে দগ্ধ হওয়ার চিহ্ন নেই। মূলত আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন।
মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আজিজুর রহমান বলেন, মাদ্রাসার যে স্থানে আগুনের সূত্রপাত হয়েছে, সেখানে কোনো শিক্ষার্থী ছিল না। তবে আগুন লাগার পর ধোঁয়া পুরো মাদ্রাসায় ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন। মাদ্রাসায় একাধিক সিঁড়ি থাকায় শিক্ষার্থীরা দ্রুত ভবন থেকে বের হতে পেরেছেন।



















