উদ্যোক্তা উজ্জল কুন্ডু কৃষিবাংলা সম্মাননা পেলেন জৈবসার
- আপডেট সময় : ০৪:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
জমির প্রাণ রক্ষায় জৈবসার উৎপাদনে নিবেদিতপ্রাণ শাহজাদপুরের সফল উদ্যোক্তা উজ্জল কুন্ডুকে সম্মাননা দিয়েছে কৃষিবাংলা। দীর্ঘদিন ধরে মাটির উর্বরতা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে আসা এই উদ্যোক্তার উদ্যোগকে স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।
গেল শুক্রবার স্থানীয় উদ্যোক্তা ও কৃষিসংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে সফল উদ্যোক্তা উজ্জল কুন্ডুর হাতে সম্মাননা স্মারক তুলে দেন কৃষিবাংলার প্রতিষ্ঠাতা আমিনুল হক ভূইয়া। এ সময় স্থানীয় উদ্যোক্তারা উজ্জল কুন্ডুর দীর্ঘদিনের উদ্যোগ ও নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন।
প্রায় আট বছর ধরে মাটির প্রাণ রক্ষার প্রত্যয় নিয়ে জৈবসার উৎপাদন করে চলেছেন উজ্জল কুন্ডু। নিরহংকার ও বন্ধুবৎসল এই উদ্যোক্তা নিজের কাজকে শুধু ব্যবসা হিসেবে দেখেন না; বরং কৃষিজমির স্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ কৃষি নিশ্চিত করার একটি দায়িত্ব হিসেবে মনে করেন।
উজ্জল কুন্ডু বলেন, ‘জীবনভর আমার এই লড়াই চলবে। কারণ, মাটি যদি না বাঁচে, তাহলে আমরা ফসল পাব কোথায়? মাটির উর্বরতা নষ্ট হয়ে গেলে কৃষকের সামনে তখন আর কী উপায় থাকবে? তাই মাটিকে বাঁচাতেই আমার এই প্রচেষ্টা।’
তার মতে, দীর্ঘদিন ধরে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে অনেক জমির স্বাভাবিক উর্বরতা ও প্রাণশক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জৈবসারের ব্যবহার বাড়িয়ে মাটির গুণাগুণ ফিরিয়ে আনা সম্ভব। তাই কৃষকের কাছে জৈবসারের ব্যবহার জনপ্রিয় করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় উদ্যোক্তা আনোয়ার হোসেন মানিক বলেন, ‘উজ্জল জৈবসার উৎপাদনের মাধ্যমে এ অঞ্চলের কৃষকদের মধ্যে ইতোমধ্যে সুপরিচিত একটি নাম হয়ে উঠেছেন। আমরা তার এই উদ্যোগে আনন্দিত ও গর্বিত। তার পরিশ্রম, সাধনা ও একাগ্রতা একদিন আরও বড় পরিসরে সাফল্যে পরিণত হবে, এটাই আমাদের প্রত্যাশা।’
কৃষিবাংলার তরফে বাচ্চু চেয়ারম্যান বলেন, কৃষি ও মাটির স্বাস্থ্য রক্ষায় স্থানীয় পর্যায়ের উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উজ্জল কুন্ডুর মতো উদ্যোক্তাদের কাজ শুধু একটি ব্যবসায়িক উদ্যোগ নয়, এটি টেকসই কৃষি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
এমন উদ্যোগকে উৎসাহিত ও স্বীকৃতি দেওয়ার মাধ্যমে অন্য উদ্যোক্তারাও কৃষির নতুন সম্ভাবনার দিকে এগিয়ে আসবেন বলে প্রত্যাশা করা হয়।











