কপ-৩১ আনতালিয়া লিডার্স সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ০৬:০০:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
বিশ্বনেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, বিকেলে ‘জিরো ওয়েস্ট রাউন্ড টেবিল’ বৈঠকে অংশগ্রহণ
বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এর অংশ হিসেবে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত ‘আনতালিয়া লিডার্স সামিটে’ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় দুপুর সোয়া ১২টায় আনতালিয়ার এক্সিবিশন সেন্টারে বিশ্বনেতাদের এই উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নেন তিনি।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। তিনি বলেন, জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের পর প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের লিডার্স সামিটে যোগ দেন। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নিচ্ছেন। লিডার্স সামিট শেষে বিকেলে বিশ্বনেতাদের ‘জিরো ওয়েস্ট রাউন্ড টেবিল’ বৈঠকেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।
আনতালিয়া লিডার্স সামিট শুরুর আগে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কারীদের মধ্যে ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ এবং লন্ডনের মেয়র সাদিক খান।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
এর আগে বুধবার সকালে আনতালিয়ার এক্সিবিশন সেন্টারে কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। সম্মেলনস্থলে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সম্মেলনের সভাপতি ও তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম।
হাসান শিপলু জানান, লিডার্স সামিটের পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক দ্বিপক্ষীয় বৈঠকেরও কথা রয়েছে। সম্মেলনের ফাঁকে এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এদিকে বুধবার রাতে বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেওয়া নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উল্লেখ্য, কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিতে গত মঙ্গলবার ঢাকা থেকে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমানসহ সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।



















