এডেন বিমানবন্দরে হুথিদের জোড়া ক্ষেপণাস্ত্র হামলা
- আপডেট সময় : ১১:২৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এডেন আন্তর্জাতিক বিমানবন্দর ও এর সংলগ্ন এলাকায় জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত পার্শ্ববর্তী এলাকা থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (৭ অক্টোবর) প্রত্যক্ষদর্শী ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রাথমিক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে। খবর আলজাজিরার।
প্রতিবেদন অনুযায়ী, নিক্ষেপ করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি এডেনের বদর সেন্টারে সৌদি নেতৃত্বাধীন যৌথ সামরিক জোটের একটি ইউনিটকে লক্ষ্য করে ছোড়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
অন্য ক্ষেপণাস্ত্রটি এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের সংলগ্ন এলাকায় আঘাত হানে বলে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। ক্ষেপণাস্ত্র আঘাতের পরপরই বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এডেন শহর ও আশপাশের এলাকা। একই সময়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর থেকে প্রতিহতকারী গোলাবর্ষণের শব্দও শোনা যায়।
হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর বিমানবন্দরসংলগ্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পাশাপাশি সেখানে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।




















