ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণে আইবিসিসিআই-হাইকমিশনার বৈঠক
- আপডেট সময় : ০৭:৫২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আইবিসিসিআই-এর নবনিযুক্ত পরিচালকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা
ঢাকায় অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই)-এর নবনিযুক্ত পরিচালকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
৫০০টিরও বেশি কোম্পানির সমন্বয়ে গঠিত আইবিসিসিআই দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে সংগঠনটি।
হাইকমিশনার আইবিসিসিআই-এর কার্যক্রমের প্রশংসা করে বলেন, ভৌগোলিক নৈকট্যকে কাজে লাগিয়ে পারস্পরিক অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণের এখনই উপযুক্ত সময়।
তিনি বাণিজ্যিক সম্পর্ককে আরও বিস্তৃত করে বিনিয়োগ বৃদ্ধি, ভ্যালু চেইন সংযুক্তি এবং টেকসই অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান।
পাশাপাশি আঞ্চলিক অর্থনৈতিক একীকরণে নেতৃত্ব দিতে ভারত ও বাংলাদেশের যৌথ সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।

বৈঠকে সাম্প্রতিক সময়ে দ্বিপাক্ষিক অর্থনৈতিক অগ্রগতির বিষয়গুলো নিয়েও আলোচনা হয়। বিশেষ করে ভারতীয় রুপিতে বাণিজ্য নিষ্পত্তির নতুন প্রক্রিয়া এবং স্থল শুল্ক বন্দরগুলোতে অবকাঠামোগত উন্নয়ন উদ্যোগ বাণিজ্যকে আরও সহজ ও গতিশীল করবে বলে আশা প্রকাশ করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককে আরও সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিক সহযোগিতাকে পরবর্তী স্তরে উন্নীত করার ব্যাপারে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আইবিসিসিআই ভবিষ্যতেও দুই দেশের ব্যবসায়িক উন্নয়ন ও অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়েছে।


















