হরমুজে ফি দিয়েও জাহাজ চলাচল বন্ধ করল ইরান, বাড়ছে উত্তেজনা
- আপডেট সময় : ০১:২৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ২০ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও জাহাজের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।
শুধু তাই নয়, এর আগে সীমিত পরিসরে চালু থাকা বিশেষ নৌ-করিডোর, যেখানে নির্দিষ্ট শর্তে ও ফি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হতো, সেটিও বাতিল করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, পূর্বে আন্তর্জাতিক বাণিজ্য আংশিক সচল রাখতে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, বর্তমান পরিস্থিতিতে তা আর বহাল রাখা সম্ভব নয়।
ফলে এখন থেকে কোনো ধরনের আর্থিক লেনদেন বা সমন্বয়ের ভিত্তিতেও জাহাজ চলাচলের সুযোগ থাকছে না।
আইআরজিসির নৌবাহিনী শাখা কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছে, এই নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে তা সরাসরি লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।
এতে করে বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাঙ্কারসহ আন্তর্জাতিক নৌ চলাচলে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।
বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস পরিবহন করা হয়।
ফলে এই পথ বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা বাড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এর প্রভাব আন্তর্জাতিক বাণিজ্য, তেলের দাম এবং সরবরাহ ব্যবস্থার ওপর তাৎক্ষণিকভাবে পড়তে পারে।
এদিকে ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও অবরোধ প্রত্যাহার না করে, তাহলে এই অবস্থান থেকে সরে আসার কোনো সম্ভাবনা নেই। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি এবং সামরিক সংঘাতের ঝুঁকি আরও জোরালো হচ্ছে।
অন্যদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের আগে সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত করতে হবে।
তিনি বলেন, এটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা নতুন করে বৈঠকের তারিখ ঠিক করতে পারছি না।



















