মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয়, সৌদি আরবকে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের কোনো আপস নেই। প্রয়োজনে পবিত্র দুই নগরীর নিরাপত্তা রক্ষায় সৌদি আরবকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
সেমিনারে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, দুই দেশের সম্পর্ককে কেবল শ্রমবাজারকেন্দ্রিক না রেখে বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে আরও বিস্তৃত করতে হবে।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি হওয়া উচিত বিনিয়োগ। বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ উন্নয়নে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ প্রেক্ষাপটে সৌদি আরবের বিনিয়োগ প্রত্যাশা করছে ঢাকা। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়লে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শ্রমবাজার বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার। দেশটিতে দক্ষ জনশক্তি পাঠাতে আগ্রহী বাংলাদেশ। তবে দুই দেশের সহযোগিতা শুধু কর্মী পাঠানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারিত্বে রূপ দেওয়ার প্রয়োজন রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মতে, বাংলাদেশ অন্য দেশের ওপর নির্ভরশীল হয়ে থাকতে চায় না; বরং পারস্পরিক স্বার্থ ও সমমর্যাদার ভিত্তিতে বিনিয়োগ ও উন্নয়নের অংশীদার হতে চায়। এ ক্ষেত্রে সৌদি আরবের সঙ্গে সহযোগিতা বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।
পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রসঙ্গে তিনি বলেন, এই দুই পবিত্র নগরীর নিরাপত্তা বাংলাদেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজন হলে সৌদি আরবকে এ ক্ষেত্রে সহায়তা দেওয়ার বিষয়টি বাংলাদেশ বিবেচনা করতে প্রস্তুত।
এ ছাড়া শান্তি রক্ষায় ভূমিকা রাখার সুযোগ তৈরি হলে মক্কায় যোগ দেওয়ার বিষয়টিও সরকার বিবেচনা করবে বলে জানান তিনি।
এদিকে, আগামী ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী। এ সফরে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সৌদি আরবের সঙ্গে বিনিয়োগ ও শ্রমবাজারে সহযোগিতা সম্প্রসারণ এবং জাপানের সঙ্গে অর্থনৈতিক ও জ্বালানি সম্পর্ক জোরদারের উদ্যোগ বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদারিত্বকে আরও বিস্তৃত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



















