জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাতিসংঘের উচ্চপর্যায়ের বিভিন্ন বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এবারের যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পরদিন, ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশগুলোর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।
এ ছাড়া রোহিঙ্গা সংকটসহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আয়োজিত আলোচনা ও উচ্চপর্যায়ের বৈঠকেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনসহ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
সফরসূচি অনুযায়ী, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘের
মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সমাগমের মধ্যে এসব বৈঠক ও আলোচনার মাধ্যমে বাংলাদেশের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনৈতিক যোগাযোগ আরও জোরদারের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



















