হাইকমিশনের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
- আপডেট সময় : ০৮:৩৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে
ভারতীয় হাইকমিশন, ঢাকা হাইকমিশনের কর্মকর্তা পরিচয়ে প্রতারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, একটি প্রতারকচক্র ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইমেইলের মাধ্যমে হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।
হাইকমিশন স্পষ্ট করে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ভিসা প্রদান বা কনস্যুলার সেবা নিশ্চিত করার আশ্বাস দিয়ে আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করেন না কিংবা অর্থ দাবি করেন না। সকল ভিসা আবেদন নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই নিষ্পত্তি করা হয়।
এ ধরনের কোনো ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে অর্থ প্রদান না করা, ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার না করা এবং সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশটসহ প্রাসঙ্গিক তথ্য visa.dhaka@mea.gov.in ইমেইলে ভারতীয় হাইকমিশন, ঢাকাকে জানানোর অনুরোধ করা হয়েছে।
পাশাপাশি, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।


















