সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সৈনিকদের সঙ্গে কাটালেন দীর্ঘ সময়
- আপডেট সময় : ০৮:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সরাসরি উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনস্থ ‘৮ বীর’-এর গ্রীষ্মকালীন মহড়া এলাকা আকস্মিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল ৯টা ২০ মিনিটে প্রশিক্ষণ এলাকায় পৌঁছে প্রধানমন্ত্রী মহড়ার বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। তিনি পায়ে হেঁটে বিস্তীর্ণ প্রশিক্ষণ এলাকা ঘুরে দেখেন এবং সেনাসদস্যদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ, যুদ্ধকৌশল ও প্রস্তুতির বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেন।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম এবং কৌশলগত প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন। পরে তিনি সেনাসদস্যদের পরিচালিত একটি ‘রেইড’ মহড়া প্রত্যক্ষ করেন এবং যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহারসহ বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
একপর্যায়ে প্রধানমন্ত্রী নিজে সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী কর্মকর্তা ও সৈনিকদের সঙ্গে কৌশলগত বিষয় নিয়ে মতবিনিময় করেন। মাঠপর্যায়ে ছদ্মবেশে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের কাছেও গিয়ে তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ দেন।

সেনাসদস্যদের সঙ্গে আন্তরিক সময় কাটানোর অংশ হিসেবে প্রধানমন্ত্রী মহড়াস্থলে প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন। একই সঙ্গে তিনি সৈনিকদের সঙ্গে বসে চা পান করেন। সরকারপ্রধানকে এত কাছ থেকে পেয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।
পরে সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট মোকাবিলা ও দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, কঠোর শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন সেনাসদস্যদের মনোবল আরও বৃদ্ধি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাঠপর্যায়ের সৈনিকদের সঙ্গে সরাসরি সময় কাটানো এবং তাদের দৈনন্দিন কার্যক্রমে অংশ নেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর প্রতি তাঁর আস্থা ও সমর্থনের বার্তা দিয়েছেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















