সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও হিসেবে দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান
- আপডেট সময় : ০২:১৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
সোমবার সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে লেফটেন্যান্ট জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দেন। ছবি: বাসস
লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান আজ (সোমবার) থেকে সশস্ত্র বাহিনী বিভাগ-এর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত পিএসও-কে লেফটেন্যান্ট জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
উল্লেখ্য, লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ১৯৯১ সালের ২১ জুন বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইনফ্যান্ট্রিতে কমিশন লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, সামরিক সচিব এবং মহাপরিচালক, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরসহ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রশাসনিক ও সমন্বয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

















