প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন। সোমবার সকাল ৯টায় তিনি সেখানে পৌঁছান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
আগমনের পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানরা। তিনি তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পরবর্তীতে নিজ চেম্বারে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই সশস্ত্র বাহিনী বিভাগে তাঁর প্রথম আনুষ্ঠানিক অফিস।
দিনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে ‘র্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম।


















