ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় প্রধানমন্ত্রীর দোয়া
- আপডেট সময় : ১২:৫৩:০১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
মহান একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
প্রচলিত প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের পরপরই শহীদ মিনার ত্যাগ করেন। তবে এবার সেই প্রথার ব্যতিক্রম ঘটিয়ে প্রধানমন্ত্রী শহীদ মিনার প্রাঙ্গণেই দোয়া মাহফিলে অংশ নেন।
রাত ১২টা ৮ মিনিটে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে দোয়া পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ–এর জ্যেষ্ঠ ইমাম ও খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ।
মোনাজাতে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর জন্যও দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের সফলতা কামনা করা হয়।
দোয়া শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিসভা, দল ও জিয়া পরিবারের পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।

















