শিরীণ বেবীর কবিতা ‘নারী তুমি মানুষ হতে শেখো’
- আপডেট সময় : ০৭:৩৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৬ বার পড়া হয়েছে
নারী তুমি মুখ খোলো
নারী তুমি চিৎকার করো
তোমার সভ্যতা ভব্যতাই আজ তোমার গলার বেড়ী
কন্ঠ ছাড়ো জোরে।
তোমার সাথে হয়ে যাওয়া অন্যায়ের মুখোশ খোলো
লিপস্টিক পরা ঠোঁটকে কামনার বস্তু বানিয়ে রেখো না -দু’জোড়া ঠোঁট নেড়ে কথা বলা শেখো
নারী তুমি মিষ্টি কন্ঠী না হয়ে প্রয়োজনে বজ্রকণ্ঠী হও।
কাজল পরা চোখে কামনার আগুন না জ্বালিয়ে
অন্যায়কে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করার দীপ্তি জ্বালো
গলার হার বাজুবন্ধ দিয়ে অত্যচারকে শিকলে আটকে বন্দি করা রপ্ত কর
হাতের কাঁকনকে রিনিঝিনি বাজতে দিও না তাতে ঝংকার তোলো নির্যাতনের প্রতিবাদে
পায়ের ঘুঙুরে মন মাতানো নাচে মোহবিষ্ট করার মন্ত্র না শিখে অপরাধীর অন্তরে ভয়ের
সঞ্চার করো।
আঁধার কালো কেশ দুলিয়ে শান্তির পরশ বুলিয়ো না -মেঘের গুরু গম্ভীর ডাক ছেড়ে
চাবুকের সপাট আঘাত হানো ঐ কুতকুতে লোলুপ দৃষ্টির অমানুষগুলোর দন্ডে।
চিকন চিরল দাঁত ও নেলপলিশে সাজানো নখ দিয়ে আঁচড়ে খুবলে দিতে শিখো অসভ্য ইতর জানোয়ারদের
নারী তুমি প্রয়োজনে হতে শিখো হায়েনা।
নারী তুমি মা-মা মানেই সকল অত্যাচার সহ্য নয়-মা মানেই ভারবাহী গাধা নয়
মা মানেই সংসারের হাল টানা বলদ নয়
মা মানে সন্তান পালনে নিঃস্ব হওয়া নয়
মা মানে সবার মুখে খাবার তোলা নয়
মা মানেই ঘাম মোছার আঁচল নয়
মা মানে নিজের সুখ বিসর্জন দেয়া কামলা নয়
মা মানে বৃদ্ধা বয়সে অসহায় দ্বারে দ্বারে ফেরা নয়
মায়ের এই রূপ তুমি পাল্টে দিলেই আজকের নারী তার অধিকার ফিরে পাবে
তুমি নিজ গৃহে অধিকার আদায়ে সচেতন হও
নারী তুমি স্বভাবে পুরুষ হতে শেখো বিধবা হয়ে না-নিজের প্রয়োজনে
নারীর প্রতি অত্যাচারে নারীর পাশে দাঁড়াও
অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হও
অন্যায়কে প্রশ্রয় দিও না আঁচল তলে
তোমার আঁচল বিছিয়ে রাখ তোমাকে সম্মান করা মানুষের জন্য
ক্লান্ত শ্রান্ত সে মানুষগুলোর ঘাম মুছিয়ে দাও তোমার আঁচল ছায়ায়
তোমার সৌন্দর্য মায়া মমতা শুধুমাত্র অমানুষ নামের পুরুষের জন্য নয় -মানুষের জন্য
মানুষের জন্য তুমি মমতাময়ী নারী হয়ে জ্বলে ওঠো।
নারী মানে অধীনস্ত নয়
নারী মানে শুধু আকর্ষণের শরীর নয় –
নারী মানে ভারাক্রান্ত মন, অনাহারে ক্ষুধার্ত, ব্যথায় ব্যথিত , আঘাতে আঘাতে জর্জরিত, অপমানে অপমানিত, অধিকারহীন অত্যাচারিত নিপীড়িত এক প্রাণ।
নারী মানে ষষ্ঠ ইন্দ্রিয় সর্বস্ব মানুষ
নারী তুমি মানুষ হতে শেখো।

















