কর্মসংস্থান ও রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে শূন্য পদে নিয়োগসহ ৯ দফা নিকাহ্ রেজিস্ট্রার সমিতির
- আপডেট সময় : ০৪:৪৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
কর্মসংস্থান ও রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে শূন্য পদে নিয়োগসহ ৯ দফা দাবিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি। সংগঠনটির অভিযোগ, দীর্ঘদিন ধরে দেশে নিকাহ্ রেজিস্ট্রারের বহু পদ শূন্য থাকায় সেবার মান ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।
সমিতির নেতারা জানান, প্রায় ২০০ থেকে ২৫০টি পদ শূন্য রয়েছে, যা অতিরিক্ত দায়িত্ব দিয়ে সামাল দেওয়া হচ্ছে। এতে কার্যক্রমে ধীরগতি তৈরি হচ্ছে এবং নতুন কর্মসংস্থানের সুযোগও নষ্ট হচ্ছে। তাই বিধিমালা অনুযায়ী এসব শূন্য পদে দ্রুত অস্থায়ী নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তাদের মতে, এই নিয়োগ বাস্তবায়িত হলে সেবার মান উন্নত হওয়ার পাশাপাশি সরকারের রাজস্বও বাড়বে। একই সঙ্গে নিবন্ধন কার্যক্রমে শৃঙ্খলা ফিরে আসবে এবং জনগণের ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করেছে সমিতি।
সম্প্রতি সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর আবেদনপত্র জমা দেন সমিতির নেতৃবৃন্দ। এতে দেশের বিভিন্ন এলাকায় নিকাহ্ রেজিস্ট্রারের শূন্য পদ দ্রুত পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, বর্তমানে দেশে প্রায় ২০০ থেকে ২৫০টি নিকাহ্ রেজিস্ট্রারের পদ শূন্য রয়েছে। এসব পদে দীর্ঘদিন ধরে অতিরিক্ত দায়িত্ব পালন করা হচ্ছে, যা কার্যক্রম পরিচালনায় জটিলতা তৈরি করছে।
সমিতির নেতারা বলেন, শূন্য পদগুলোতে অস্থায়ী নিয়োগ দেওয়া হলে একদিকে যেমন সেবার গতি বাড়বে, অন্যদিকে বেকার শিক্ষিতদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তারা বিধিমালার ৬(ক) ধারা অনুযায়ী দ্রুত অস্থায়ী নিয়োগ দেওয়ার দাবি জানান।
৯ দফা দাবির মধ্যে আরও রয়েছে, নিকাহ্ রেজিস্ট্রারদের অবসরের বয়স ৬৫ থেকে বাড়িয়ে ৭৫ বছর করা, পিতার স্থলে যোগ্য পুত্রকে নিয়োগ দেওয়ার সুযোগ রাখা, অধিক্ষেত্র থেকে এলাকা কর্তন বন্ধ করা এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানি বন্ধ করা।
এছাড়া প্রতিটি নিকাহ্ রেজিস্ট্রারের কার্যালয়ে অন্তত দুইজন সহকারী নিয়োগের অনুমতি দেওয়ার কথাও তুলে ধরা হয় আবেদনে।
সমিতি দাবি করেছে, বর্তমান দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিবাহ ও তালাক নিবন্ধন ফি পুনর্নির্ধারণ করা প্রয়োজন। একই সঙ্গে নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ সংক্রান্ত হলফনামা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। আবেদনপত্রে আরও বলা হয়, অতীতে বিধিবহির্ভূতভাবে প্রেরিত প্যানেল বাতিল করে নিকাহ্ রেজিস্ট্রেশন কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি।
আবেদনপত্রে সমিতির সভাপতি মাওলানা শাহ মো. নেছারুল হক, নির্বাহী সভাপতি মাওলানা মো. ইকবাল হোসেন এবং মহাসচিব মাওলানা মো. সেলিম রেজা স্বাক্ষর করেন। নেতারা আশা প্রকাশ করেন, সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের দাবিগুলো বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।



















