বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলুন, যুদ্ধে যাই’
- আপডেট সময় : ০৮:১৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৯ বার পড়া হয়েছে
সপ্তাহের প্রথম কার্যদিবস শুরু করতে প্রতিদিনের মতোই রোববার সকালে বাসভবন থেকে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এদিনের সূচনাটা ছিল একটু ভিন্ন। বাড়ির দরজা খুলেই উপস্থিত সবার দিকে তাকিয়ে মুচকি হেসে তিনি বললেন, “চলুন, যুদ্ধে যাই।”
প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে মুহূর্তের জন্য সেখানে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা কিছুটা বিস্মিত হয়ে পড়েন। তবে অল্প সময়ের মধ্যেই তারা বুঝতে পারেন—দেশ পরিচালনার দায়িত্ব ও প্রতিদিনের চ্যালেঞ্জকেই প্রধানমন্ত্রী রূপক অর্থে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রোববার সকাল ৮টা ৪২ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী।
প্রতিদিনের মতোই তার ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যরা আগে থেকেই প্রস্তুত ছিলেন। ঠিক সেই সময় দরজা খুলে হাস্যোজ্জ্বল মুখে উপস্থিত সবার উদ্দেশে এই কথাটি বলেন তিনি।
পরে সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সারা দিনের কর্মসূচিতে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে।
আজকের কর্মসূচির মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এছাড়াও দিনের মধ্যে আরও কয়েকটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সূত্র: বিএসএস

















