তেহরানের বিমানবন্দরে বিস্ফোরণ, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
- আপডেট সময় : ১২:৩৫:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
ইরানের রাজধানী তেহরানে অবস্থিত প্রধান বাণিজ্যিক বিমানবন্দর মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর-এ শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর বিমানবন্দরের টারমার্কে একাধিক বিমান পুড়ে যেতে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আগুনে জ্বলতে থাকা বিমান ও আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।
এ ঘটনার আগে নতুন করে হামলা চালানোর কথা জানিয়েছিল ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। তেহরানের বাসিন্দারা বিবিসি ফার্সি -কে জানিয়েছেন, সাম্প্রতিক রাতটি তাদের কাছে সবচেয়ে ভয়াবহ ছিল। প্রায় প্রতি ঘণ্টায় হামলার শব্দ শোনা গেছে বলে তারা দাবি করেছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতা তখনই সম্ভব হবে যখন দেশটি নিঃশর্ত আত্মসমর্পণ করবে। একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য এমন কাউকে ইরানের নতুন নেতা হিসেবে বেছে নেওয়া উচিত।
অন্যদিকে আইডিএফ জানিয়েছে, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। সম্ভাব্য হামলার সতর্কতা হিসেবে নাগরিকদের মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ইরাকের উত্তরাঞ্চলীয় বসরা এলাকায় একটি তেলক্ষেত্রে ড্রোন হামলার পর আগুন ধরে গেছে। নিরাপত্তা সূত্রগুলো বলছে, তেল কমপ্লেক্সে বিদেশি কোম্পানির আবাসিক স্থাপনাগুলো লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছিল।
জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইয়েদ ইরাভানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ১,৩৩২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

মেহরাবাদ বিমানবন্দরে বড় হামলা
তেহরানের ব্যস্ততম অভ্যন্তরীণ বিমান চলাচল কেন্দ্র মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর-এ বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বিমানবন্দরের কিছু অংশ লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
শুক্রবার স্যাটেলাইটে তোলা ছবিতে বিমানবন্দরে একাধিক বিমান অবস্থান করতে দেখা গেছে। এর আগে গত ৪ মার্চও আইডিএফ বিমানবন্দরটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল এবং তখন তারা বিমানবন্দরের প্রতিরক্ষা ও শনাক্তকরণ ব্যবস্থার কিছু অংশ ধ্বংস করার দাবি করে।
সেই হামলায় বিমানবন্দরের হেলিকপ্টার তৈরির একটি অংশও ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানা যায়। তবে সর্বশেষ হামলায় বিমানবন্দরের ঠিক কোন কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগের হামলার তুলনায় এবারের আক্রমণ ছিল অনেক বেশি তীব্র।
সৌদি আরবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত
এদিকে সৌদি আরব জানিয়েছে, একটি তেলক্ষেত্র লক্ষ্য করে ছোঁড়া ছয়টি ড্রোন এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন।
ড্রোনগুলো দক্ষিণাঞ্চলের বিশাল মরুভূমি এলাকায় ভূপাতিত করা হয়, যেখানে গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র রয়েছে। এর মধ্যে অন্যতম শায়বাহ তেলক্ষেত্র।
রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো জানিয়েছে, এই তেলক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন হয়।
এছাড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রিন্স সুলতান এয়ার বেস-এর দিকে ছুটে আসছিল বলেও জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ফেব্রুয়ারিতে ইরানে হামলার প্রস্তুতির সময় এই বিমানঘাঁটিতে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছিল বলে জানা গেছে।

















