জ্বালানি নিয়ে আতঙ্ক কাটছে, পাম্পে ফিরছে স্বাভাবিক চিত্র
- আপডেট সময় : ০৫:১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে
পুরোনো চেহারায় ফিরতে শুরু করেছে রাজধানীর তেলপাম্প গুলো। কমতে শুরু করেছে লম্বা লাইন। চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে জ্বালানি তেল। তবে কোথাও কোথাও মোটরসাইকেল চালকরা বলছেন, পেট্রোল অকটেনের কিছুটা ঘাটতি রয়েছে।
শুক্রবার(২৭ মার্চ) সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।
শাহবাগ, বিজয় সরণি ও মিরপুরের বিভিন্ন ফিলিং স্টেশনে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, ডিজেল তেল সরবরাহ নিয়মিত চলছে। পেট্রোল ও অকটেন এখন কিছুটা সীমিত, দুপুরের পরই একেবারে স্বাভাবিক হবে।
মিরপুর-১৪ নম্বরে দিগন্ত ফিলিং স্টেশনের ক্যাশিয়ার আল মনসুর জানান, গাড়ির ডিজেল তেলের কোনো সমস্যা নেই।
যদিও চাহিদা কিছুটা বেশী রয়েছে।

শাহবাগের মেঘনা মডেল সার্ভিস সেন্টারেও পাম্প খোলা ছিল। প্রধান সহকারী মোবারক হোসাইন জানান, ডিপো থেকে তেল সংগ্রহ করতে গেছে, যতক্ষণ তেল আছে, ততক্ষণ বিক্রি করা হবে।
ফিলিং স্টেশনগুলোতে অপেক্ষা করতে থাকা মোটরসাইকেল চালকদের কারো কারো মধ্যে আতঙ্কিত হয়ে বেশী পরিমাণ তেল কেনারও প্রবণতাও লক্ষ্য করা গেছে।
রাজধানীর পাম্পগুলোতে ডিজেল তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে, আর পেট্রোল ও অকটেনের সরবরাহে কিছুটা সমস্যা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হতে খুব বেশী সময় লাগবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।










