অমর একুশে বইমেলার পর্দা নামবে ২ মার্চ
- আপডেট সময় : ০৮:১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩৭২ বার পড়া হয়েছে
প্রকাশকদের আবেদনে সাড়া দিয়ে মেলার মেয়াদ দুই দিন বাড়ানোর অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
মাসব্যাপী অমর একুশে মেলার যখন ভাঙ্গনের সুর, ঠিক তখনই আছড়ে পড়লো সুখবরটা। এবারে বইমেলার সময় দুই দিন বাড়ানো হলো। এমনিতেই অধিবর্ষ হওয়ায় এবছরের ফেব্রুয়ারি মাস ২৯ দিনের। নিয়াম অনুযায়ী মেলার পর্দা নামার কথা বৃহস্পতিবার।
কিন্তু শুক্র ও শনিবার বাংলাদেশে সরকারী ছুটি। এদিনগুলোতে মেলায় লোকসমাগম হয় প্রচুর। সঙ্গে বেড়ে যায় বেচাকেনাও। এবারে প্রকাশকদের আবেদনের প্রেক্ষিতেই মেলার মেয়াদ আরও দু’দিন অর্থাৎ শুক্র ও শনিবার বাড়ানো হলো। এবছর অমর একুশে মেলার পর্দা নামছে ২ মার্চ।
মঙ্গলবার রাতে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা সংবাদমাধ্যমকে জানান, বাংলা একাডেমি প্রকাশকদের আবেদন নিয়মানুযায়ী সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করেছিল।
প্রকাশকদের আবেদনে সাড়া দিয়ে মেলার মেয়াদ দুই দিন বাড়ানোর অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে বইমেলা চলবে আগামী শনিবার ২ মার্চ পর্যন্ত।


















