বিএনপির বিজয়ে ‘শতভাগ আশাবাদী’ তারেক রহমান
- আপডেট সময় : ১১:৫৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের দিনে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দলের বিজয় নিয়ে প্রকাশ করেন দৃঢ় প্রত্যয় আমরা শতভাগ আশাবাদী।
দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করে তারেক রহমান বলেন, দেশের মানুষ এই দিনের জন্য বহুদিন অপেক্ষা করেছেন। তিনি আশা করেন, ভোটাররা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক অধ্যায়ের সূচনা করবেন।
গত রাতের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গে তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, যা তার কাছে আশাব্যঞ্জক। ভোটার ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, সারাদিন কেন্দ্রে উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করতে।
তাঁর ভাষায়, মানুষ যদি শেষ পর্যন্ত কেন্দ্রে থাকে, তাহলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।
নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদের যথাযথ মূল্যায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
ইশতেহার অনুযায়ী প্রথম দিন থেকেই সে লক্ষ্যে কাজ শুরু করার অঙ্গীকার করেন তিনি।
ভোটের পরিবেশ নিয়ে তাৎক্ষণিক মন্তব্য থেকে বিরত থাকলেও তারেক রহমান একটি সুন্দর, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন।


















