প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার
- আপডেট সময় : ০৫:১৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষের অবসান ঘটিয়ে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রী জানান, প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। বিষয়টি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। তিনি বলেন, গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য থেকেই আমরা মিটার চার্জ পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘মিটার ভাড়া’ হিসেবে পরিশোধ করতে হয়। তবে গ্রাহকদের অভিযোগ ছিল, মিটারের মূল্য পরিশোধ হয়ে যাওয়ার পরও কেন বছরের পর বছর এই চার্জ নেওয়া হচ্ছে।
এ চার্জ বাতিলের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন নাগরিক সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন ও দাবি জানিয়ে আসছিল।
সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের মাসিক বিদ্যুৎ ব্যয় কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।



















