ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ঐতিহাসিক মুহূর্ত, শপথ নেবেন স্পিকার-ডেপুটি স্পিকার
- আপডেট সময় : ০২:৪৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ২১ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায়। অধিবেশনের প্রথম দিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। নির্বাচিত হওয়ার পর তাঁদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন।
বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদ ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, সংসদের বিধি অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ গ্রহণ করবেন। প্রথম অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত চলতে পারে, এরপর কিছুদিনের জন্য বিরতি দেওয়ার সম্ভাবনাও রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংসদ অধিবেশন শুরু হওয়ার পর জনগণের প্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো ধারণ করেই সংসদের কার্যক্রম পরিচালিত হবে।
এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্পিকার ও ডেপুটি স্পিকার কে হবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার দলীয় বৈঠকে সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি, সম্ভাব্য সিদ্ধান্ত এবং কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।


















